ম্যাচ ব্রিফিং

ইতিহাস ভারতের, বর্তমান বাংলাদেশের: পরিসংখ্যান ও শক্তির বিচারে কে এগিয়ে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৮ ১৫:৩১:১৪
ইতিহাস ভারতের, বর্তমান বাংলাদেশের: পরিসংখ্যান ও শক্তির বিচারে কে এগিয়ে?

দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই তা মাঠের লড়াই ছাপিয়ে দুই প্রতিবেশীর সম্মান ও আবেগের লড়াইয়ে পরিণত হয়। এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে উভয় দল ছিটকে যাওয়ায় এই ম্যাচের ফলাফল হয়তো পয়েন্ট টেবিলের বড় কোনো পরিবর্তন আনবে না, কিন্তু এর গুরুত্ব বা উত্তেজনার কমতি নেই। এই 'সাউথ এশিয়ান ক্লাসিকো' এখন দুই দলের জন্যই 'ব্র্যাগিং রাইটস' বা সম্মান ধরে রাখার লড়াই।

ইতিহাস ও পরিসংখ্যান কার পক্ষে?

কাগজে-কলমের পরিসংখ্যান এবং ঐতিহাসিক ফলাফল বিবেচনা করলে ভারত বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। দুই দল এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০টিরও বেশি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে।

ভারতের জয়: প্রায় ১৬টি ম্যাচে

বাংলাদেশের জয়: মাত্র ৩টি ম্যাচে

ড্র: ১১টি ম্যাচ

পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে, এই দ্বৈরথে ভারতের আধিপত্যই একচেটিয়া। বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক তথ্য হলো, ভারতের বিপক্ষে তাদের সবশেষ জয়টি এসেছিল ১৯৯৯ সালে, সাউথ এশিয়ান গেমসে (বর্তমান সাফ চ্যাম্পিয়নশিপ)। এরপর কেটে গেছে প্রায় ২৫ বছর, বাংলাদেশ আর ভারতকে হারাতে পারেনি।

সাম্প্রতিক লড়াইয়ে বদলে যাওয়া চিত্র

যদিও ইতিহাস ভারতের পক্ষে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারতের বিপক্ষে বেশ ভালো প্রতিরোধ গড়ে তুলছে। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ভারত জিতেছে মাত্র একটিতে, আর তিনটি ম্যাচই ড্র হয়েছে।

২০১৯ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিল। শেষ পর্যন্ত আদিল খানের গোলে ভারত কোনোমতে ড্র করে মাঠ ছাড়ে। এমনকি মার্চে শিলংয়ের ম্যাচেও বাংলাদেশ তুলনামূলক ভালো খেলে ড্র করেছিল। ভারতের সবশেষ জয়টিও (২-০) এসেছিল ২০২১ সালের জুনে, বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগে। দুই দলের শেষ দেখাও (সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১) ১-১ গোলে ড্র হয়েছিল। এই পরিসংখ্যানই বলে দেয়, দুই দলের শক্তির ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে।

আজকের লড়াইয়ে কে বেশি শক্তিশালী?

ঐতিহাসিক পরিসংখ্যান একপাশে রাখলে, আজকের ম্যাচটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। দুই দলেই এসেছে বড় ধরনের পরিবর্তন।

ভারত: তারকাবিহীন নতুন দল এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে না পারায় টালমাটাল ভারতীয় ফুটবলে নতুন কোচ হিসেবে এসেছেন খালিদ জামিল। দায়িত্ব নিয়েই তিনি কড়া সব সিদ্ধান্ত নিয়েছেন। ফিফা উইন্ডোর আগে ক্যাম্পে যোগ না দেওয়ায় দলের প্রধান তিন তারকা—লিস্টন কোলাসো, আপুইয়া এবং সুভাষিশ বসুকে তিনি দল থেকেই বাদ দিয়েছেন। এই তিনজনকে ছাড়া ভারতের শক্তি নিঃসন্দেহে কমেছে। তবে কোচ জামিল তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে একটি নতুন দল গড়ার চেষ্টা করছেন। তাদের মূল ভরসা মুম্বাই সিটির ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে, যিনি বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় হুমকি হতে পারেন।

বাংলাদেশ: 'হামজা ইফেক্ট' ও শক্তিশালী মধ্যমাঠ অন্যদিকে, বাংলাদেশ দলও সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা এখন তার মধ্যমাঠ। বিশেষ করে লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আমূল বদলে দিয়েছে।

ভারতীয় বিশ্লেষক অরুণাভ চৌধুরী তো হামজাকে "এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়" হিসেবেও আখ্যা দিয়েছেন। বাংলাদেশের জার্সিতে হামজা এরই মধ্যে ৬ ম্যাচে ৪টি গোল করেছেন, যার মধ্যে ফ্রি-কিক, ওভারহেড কিক এবং পানেকা পেনাল্টিও রয়েছে। হামজার সঙ্গে সৌমিত সোমের মতো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বাংলাদেশের মধ্যমাঠকে করেছে ইস্পাতদৃঢ়।

বিশেষজ্ঞদের মত

পরিস্থিতি বিবেচনায় ভারতীয় বিশ্লেষকরাও এই ম্যাচে স্বস্তিতে নেই। অরুণাভ চৌধুরী টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, "প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আমাদের জন্য অত একটা সোজা দল না।" এমনকি তিনি শিলংয়ের ম্যাচেও বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন। তার ভবিষ্যদ্বাণী, ম্যাচটি ড্র হতে পারে।

সব মিলিয়ে, পরিসংখ্যানের খাতায় ভারত অনেক এগিয়ে থাকলেও, দল থেকে তিন তারকা বাদ পড়ায় এবং বাংলাদেশের মধ্যমাঠে হামজা-সৌমিত জুটির উপস্থিতিতে মাঠের লড়াইটি সম্পূর্ণ সমানে-সমান হবে বলেই ধারণা করা হচ্ছে। ২৫ বছরের জয়খরা কাটানোর এটাই হয়তো বাংলাদেশের জন্য সেরা সুযোগ।

/আশিকুজ্জামান


মাঠে গোল উৎসবের দিনেই বাবা হওয়ার অনন্য অনুভূতির সাক্ষী হলেন এনদ্রিক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ১৯:৫৪:০৫
মাঠে গোল উৎসবের দিনেই বাবা হওয়ার অনন্য অনুভূতির সাক্ষী হলেন এনদ্রিক
ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে গোল করার আনন্দের সঙ্গে এল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করার পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই গোলটি তিনি তার স্ত্রী ও নবজাতক সন্তানকেই উৎসর্গ করেছেন। পাশাপাশি জাতীয় দলের জার্সিতে মাঠে নামার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে এক বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের এই নাম প্রকাশ্যে এনেছিলেন এনদ্রিক ও তার স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে ফুটবলারের ব্যক্তিগত আবেগ ও পারিবারিক ইতিহাস জড়িয়ে রয়েছে। মূলত এই নামটি এনদ্রিকের নিজের জন্য ভেবে রেখেছিলেন তার বাবা-মা, যদিও পরবর্তীতে তার নাম অন্য রাখা হয়েছিল। এছাড়া এই নামের সঙ্গে ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে মনে করেন তিনি।

ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে তার স্পষ্ট অবস্থান—পরিবারের প্রতি গভীর গুরুত্ব থাকলেও তিনি পেশাদার ক্যারিয়ারকেও সমানভাবে প্রাধান্য দিতে চান। এমনকি ভবিষ্যতে তার সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও তিনি সন্তানের ওপরই ছেড়ে দিতে চান। মাঠের বাইরে সুখবর পেলেও পেশাদার ফুটবলে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই ফরোয়ার্ড। রিয়ালে প্রত্যাশা অনুযায়ী নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে যেকোনো পরিস্থিতিতে সহযোগিতা করতে তিনি সবসময় প্রস্তুত রয়েছেন।

/আশিক


আইপিএল ২০২৭: দল হারালেন মুস্তাফিজ, স্টার্ক ও ট্র্যাভিস হেডের মতো তারকারা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ১৯:৫০:০১
আইপিএল ২০২৭: দল হারালেন মুস্তাফিজ, স্টার্ক ও ট্র্যাভিস হেডের মতো তারকারা
ছবি : সংগৃহীত

আইপিএলের আগামী আসর সামনে রেখে নতুন করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই অংশ হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এবং শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই দুই বিদেশি পেসারকে ছেড়ে দেওয়ায় আসন্ন নিলামের আগে কলকাতার হাতে বাড়তি ২৭ কোটি ২০ লাখ রুপি যুক্ত হয়েছে।

জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার জেরে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির এই প্রভাব পড়েছিল ক্রিকেটাঙ্গনেও, যার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে আইপিএলের ওই মৌসুমে কলকাতার জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি মুস্তাফিজ।

অন্যদিকে, গত বছরের নিলামে ১৮ কোটি রুপির বিশাল অঙ্কে মাথিশা পাথিরানাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান এই লঙ্কান পেসার। অভিষেক ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি এবং মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া আরেকটি চোট এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে যোগ দিতেও বেশ বিলম্ব হয়েছিল পাথিরানার।

তবে বিদেশি দুই পেসারকে ছেড়ে দিলেও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। গত বছর ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও পরবর্তীতে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ১৪৫ দশমিক ৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করেন গ্রিন এবং বোলিংয়ে ১০ দশমিক ৬৩ ইকোনমি রেটে সাতটি উইকেট শিকার করেন। অবশ্য আইপিএল ২০২৭ মৌসুমের আগে ও পরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি থাকায় আগামী আসরে তার পুরোপুরি অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ট্র্যাভিস হেড আগামী মৌসুমে না খেলার ইচ্ছা প্রকাশ করায় তাকে ছেড়ে দিয়েছে দলটি। আইপিএল ২০২৪-এর আগে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ এবং পরবর্তীতে ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দীর্ঘ নয় বছরের বিরতি শেষে ২০২৪ সালে আইপিএলে ফেরা এই বাঁহাতি পেসারকে ছেড়ে দেওয়ায় দিল্লির নিলামের বাজেটে যুক্ত হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি।

/আশিক


জোহানেসবার্গে লিটন দাসের নতুন ইতিহাস, পেছনে ফেললেন পাঁচ উইকেটকিপারকে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ১৮:৩১:৫০
জোহানেসবার্গে লিটন দাসের নতুন ইতিহাস, পেছনে ফেললেন পাঁচ উইকেটকিপারকে
ছবি : সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টের ফলাফল বাংলাদেশের পক্ষে আসুক বা না আসুক, ব্যক্তিগত অর্জনের দিক থেকে এই ম্যাচটি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) মেয়ের জন্মদিনে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করার পর, বুধবার (১৮ নভেম্বর) টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নিয়েছে। প্রোটিয়াদের ১০টি উইকেটের মধ্যে ৮টিতেই প্রত্যক্ষ অবদান রেখেছেন লিটন। এর আগে গত দুই দিনে তিনি দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটার মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ তালুবন্দি করেছিলেন। এরপর আজ বুধবার আরও দুই ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পড করে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন।

এক ইনিংসে ৮টি ডিসমিসালের মাধ্যমে লিটন দাস পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের পাঁচজন কিংবদন্তি ও বর্তমান উইকেটকিপারকে। এত দিন টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের যৌথ রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকব ও জশুয়া ডা সিলভার দখলে।

এর আগে গত সোমবার ছিল লিটন দাসের মেয়ে আনাইরা দাসের জন্মদিন। বিশেষ সেই দিনেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকানোর পর পকেট থেকে একটি চিরকুট বের করে সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

/আশিক


ভিনিসিয়ুসের পর এবার এমবাপ্পের ঘটনায় বর্ণবাদী সমর্থকের সাজা নিশ্চিত হলো

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ২০:৫০:৩১
ভিনিসিয়ুসের পর এবার এমবাপ্পের ঘটনায় বর্ণবাদী সমর্থকের সাজা নিশ্চিত হলো
ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে এক ফুটবল সমর্থককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। ঘটনার দীর্ঘ এক বছর পর এই রায় দেওয়া হলো। কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তি সরকারি চাকরির ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হবেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, মঙ্গলবার আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ অভিযুক্ত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। ঘটনার বিবরণে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ চলাকালে তিনি এমবাপ্পের উদ্দেশে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন।

রিয়াল মাদ্রিদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইমের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালনের ওপর অযোগ্যতা আরোপ করা হয়েছে। তবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত না থাকার শর্তে তার এই কারাদণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে।

আদালতের এই রায়ের তথ্য জানালেও শাস্তিপ্রাপ্ত ওই সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, এর আগেও স্প্যানিশ ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার ঘটনায় সমর্থকদের দোষী সাব্যস্ত হওয়ার নজির তৈরি হয়েছিল।

/আশিক


জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ১৮:১৮:৩৪
জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল
ছবি : সংগৃহীত

জাপানের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের হারের হতাশা ঝেড়ে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে চালকের আসনে চলে যায় সেলেসাওরা।

ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারেসের বাড়িয়ে দেওয়া বল থেকে প্রথম গোল করেন ভিনিসিউস। এর মাত্র ছয় মিনিট পর এন্দ্রিকের সঙ্গে বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে ক্যারিয়ারের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান ৪-০ করেন তরুণ তুর্কি এন্দ্রিক।

বিরতির পর ব্রাজিলের গোল উৎসব থামেনি। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর ৬৫ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন রায়ান। ম্যাচের ৭৪ মিনিটে অ্যালানের নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে জড়ালে ৭-০ গোলের জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের শেষ দিকে সিঙ্গাপুর পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনায় তা বাতিল হওয়ায় ব্যবধান আর কমেনি। তিন দিন আগে জাপানের কাছে ৩-২ গোলে হারের ধাক্কা সামলে কার্লো আনচেলত্তির শিষ্যরা এই ম্যাচে নিজেদের চিরচেনা আক্রমণাত্মক রূপেই ধরা দিয়েছে।

/আশিক


তাওহীদ হৃদয়কে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ব্যাটিং নেতা বললেন ইয়ান বিশপ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১৯:০১:৩৩
তাওহীদ হৃদয়কে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ব্যাটিং নেতা বললেন ইয়ান বিশপ
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে থাকা তাওহীদ হৃদয় ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংসের পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন হৃদয়। ইনিংসের শুরুতে মাত্র ২ রানে ২ উইকেট এবং ২২ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হৃদয় ও লিটনের দায়িত্বশীল ও কার্যকর ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংসটি বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়, আর দ্বিতীয় দিনে এসে লিটন দাসও দুর্দান্ত এক শতক তুলে নিলে প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এমন চাপের মুখে হৃদয়ের এই সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেট মহলেরও নজর কেড়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরানের পর তাওহীদ হৃদয়ের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিশপ উল্লেখ করেন, তাওহীদ হৃদয় বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের ব্যাটিংয়ের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে হৃদয়ের করা দ্বিশতক যে নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তার প্রতিভা, মানসিক দৃঢ়তা ও দক্ষতারই প্রতিফলন—তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসের মাধ্যমে সে আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

/আশিক


ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১৮:১৮:১০
ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
ছবি : সংগৃহীত

সম্প্রতি জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের একটি ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিল। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন সান্তোসের তারকা ফুটবলার নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা। টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, সাংবাদিক ফাবিয়া অলিভেইরার দাবি অনুযায়ী সান্তোস তারকা নেইমারের সঙ্গে সম্প্রতি বেশ ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ভার্জিনিয়া ফনসেকা, যিনি কদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টেনে আলোচনায় এসেছিলেন।

মেট্রোপোলেস ওয়েবসাইটের এই কলামিস্টের দাবি মতে, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে ঘটনাটি ঘটে। ওই অনুষ্ঠানে সাধারণের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত ছিল এবং সেখানে মুঠোফোন ব্যবহারেরও কোনো অনুমতি ছিল না বলে দাবি করা হয়েছে। মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় এই ঘটনার কোনো প্রমাণ না থাকায় এর সত্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিতে নেইমারের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে সময় কাটান ভার্জিনিয়া। এমনকি একপর্যায়ে আর্মচেয়ারে বসে থাকা নেইমারের কোলে উঠে তাকে নাচতেও দেখা যায় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে নেইমারও মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়ার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে তাকে সম্বোধন করেন এবং ওই অনুষ্ঠানে দুজনই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তবে এমন খবর প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে উভয় পক্ষ।

ঘটনাটি নিয়ে প্রথমে বিবৃতি দেন ভার্জিনিয়া ফনসেকা, যিনি এর কয়েক দিন আগেই তার তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। ভার্জিনিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের ভিত্তিহীন জল্পনা-কল্পনা তিনি প্রত্যাখ্যান করছেন। সত্যের প্রতি যথাযথ দায়বদ্ধতা এবং তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে নিছক গুজবকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করায় বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমার জুনিয়রও। বারবার ব্যক্তিগত জীবন নিয়ে এমন ভিত্তিহীন গুঞ্জন ছড়ানোয় তীব্র বিরক্তি প্রকাশ করে ব্রাজিলিয়ান এই তারকা লিখেছেন, অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে তা তিনি সরাসরি অস্বীকার করছেন। নেইমারের মতে, এমন একটি সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ প্রকৃত সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি ঘিরে তৈরি হওয়া মুখরোচক আলোচনায় বেশি আগ্রহী। তার দল ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও ব্যক্তিগতভাবে বিষয়টির ইতি টানতেই তিনি নিজে কথা বলা প্রয়োজন মনে করেছেন বলে জানান নেইমার।

/আশিক


জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৫ ২০:০০:১০
জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড
ছবি : সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দারুণ এক প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কাগিসো রাবাদার ঝড়ে দলের স্কোরবোর্ডে ২২ রান উঠতেই শীর্ষসারির তিন ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ার পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের টেস্ট জুটির নতুন রেকর্ড গড়েছে।

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। চতুর্থ উইকেটে ওপেনার তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে ৯৯ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তাওহিদ হৃদয়। এটিই ছিল প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের আগের যেকোনো উইকেটের সর্বোচ্চ জুটি, যা ভেঙে ২৪ বছর আগের হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের রেকর্ড পেছনে ফেলে এই ইনিংসেই।

দলীয় ১২১ রানে শূন্য রানে মুশফিকুর রহিম ও ৬৭ রান করা তানজিদ তামিম দ্রুত ফিরে গেলে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। এ সময় বোলিং করা রাবাদা একাই বাংলাদেশের প্রথম ৫টি উইকেট শিকার করেন। তবে এরপর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলের রান পাহাড়ে নিয়ে যান তাওহিদ হৃদয় ও লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। তাওহিদ ৮২ এবং লিটন ৬৫ রান নিয়ে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।

/আশিক


চার তারকাকে পেছনে ফেলে ভ্যান্টিক্স ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৫ ১৯:৩৫:৪৭
চার তারকাকে পেছনে ফেলে ভ্যান্টিক্স ম্যাগাজিনের বর্ষসেরা মেসি
ছবি : সংগৃহীত

কানাডার প্রভাবশালী প্রকাশনা ভ্যান্টিক্স ম্যাগাজিনের বিচারে ২০২৬ সালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড লিওনেল মেসি। কানাডার এই ম্যাগাজিনের বর্ষসেরার এই পুরস্কারটির জন্য চূড়ান্ত লড়াইয়ে মেসির সঙ্গে দৌড়ে ছিলেন আরও চার হেভিওয়েট তারকা—কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, হ্যারি কেইন ও লামিন ইয়ামাল। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সেরা এই সম্মান নিজের করে নেন আর্জেন্টাইন এই তারকা।

২০২৬ সালে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দারুণ ছন্দে ছিলেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ২৬ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া কনকাকফ চ্যাম্পিয়নস কাপে দুই ম্যাচে এক গোল এবং লিগস কাপে দুই ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। বিশেষ করে, ২০২৬ বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছেন মেসি।

চলতি বছর এমএলএসে ব্যাক-টু-ব্যাক গোল্ডেন বুট জয়ের পাশাপাশি এমভিপির সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এমন অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই তাকে এই স্বীকৃতি দিয়েছে ভ্যান্টিক্স ম্যাগাজিন।

ভ্যান্টিক্স ম্যাগাজিনের এই পুরস্কার ছাড়াও ২০২৬ সালটি তার ব্যক্তিগত অর্জনে বেশ সমৃদ্ধ। ক্যারিয়ারের ১৮তম বারের মতো ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশে জায়গা করে নেওয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সম্মানজনক 'প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার' অর্জন করেছেন এই ফরোয়ার্ড।

/আশিক

পাঠকের মতামত: