রবিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ০৯:২৪:৪৪
রবিবার ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও এলাকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, যা ঢাকা সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। রবিবারও তার ব্যতিক্রম নয়। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে জানা জরুরি আজ কোন কোন এলাকার দোকানপাট এবং জনপ্রিয় মার্কেটগুলো বন্ধ থাকবে। এতে যেমন সময় বাঁচবে, তেমনি অপ্রয়োজনীয় ঝামেলা থেকেও রেহাই পাওয়া যাবে।

রবিবার রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া এবং রায়েরবাগ। এই সব এলাকায় রবিবারের দিনে দোকানপাট, বাজার এবং শপিং সেন্টার বন্ধ থাকে। তবে ওষুধের দোকান, খাবারের দোকান এবং ছোট গ্রোসারি স্টোরগুলো খোলা থাকতে পারে।

এছাড়া রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেটও রবিবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

ঢাকায় প্রতিদিন গড়ে প্রায় ৩০ লাখ মানুষ বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় কেনাকাটা, ব্যবসা বা কর্মক্ষেত্রের কাজে যান। অনেক সময় তারা মার্কেট বন্ধ থাকার বিষয়টি না জানায় বিপাকে পড়েন। তাই আগেভাগেই মার্কেট বন্ধের দিন জানা থাকলে সময় ও যাতায়াত উভয়ই বাঁচানো সম্ভব। বিশেষ করে যারা দূরবর্তী এলাকা থেকে আসেন, তাদের জন্য এটি জানা আরও জরুরি।

রবিবার যদি কেউ কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তাহলে বিকল্প হিসেবে রাজধানীর কিছু এলাকা খোলা থাকবে। যেমন গুলিস্তান, নিউ মার্কেট, হাতিরপুল, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, চাঁদনী চক ও মালিবাগের কিছু অংশের দোকান খোলা থাকে। এসব এলাকায় রবিবার ক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে কম থাকে, ফলে সহজে কেনাকাটা করা যায়।

-রাফসান


১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: অভ্যন্তরীণ নিরীক্ষা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৯ ১৮:৫৯:৫৮
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: অভ্যন্তরীণ নিরীক্ষা
ছবি : সংগৃহীত

সারাদেশে গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এই তথ্য উঠে এসেছে।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ আটটি এবং গাজীপুরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে। যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের পর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে। গ্রামীণ ব্যাংকের হিসাব মতে, ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার—যার মধ্যে সর্বোচ্চ ৩০টি ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে এবং তার আগের দিন ঘটেছে ১৯টি। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুধু মাঠপর্যায়ের শাখাই নয়, সিলেট আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশাল আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে নিরীক্ষায় জানানো হয়েছে। পেট্রল দিয়ে আগুন ও ককটেল বা পেট্রলবোমা নিক্ষেপের বাইরে সাতটি ঘটনায় হামলাকারীরা আগুন দেওয়ার বা ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন, দুটি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়। অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, সাতটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং ৪৮টি ঘটনায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি—যার মধ্যে ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন রয়েছে।

ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, এই হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এর মাধ্যমে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তুলেছে সংস্থাটি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে গ্রামীণ ব্যাংক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়; সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

/আশিক


ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৯ ১৮:১৩:১৪
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ থেকে ১৮৮ মিলিমিটার) বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকতে পারে বলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌযানগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

/আশিক


গোপালগঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ২৩:০১:৪৬
গোপালগঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ
ছবি : সংগৃহীত

রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সোয়া সাতটার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় তাদের এই মহড়া দেখা যায়, তবে ওই সময় এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি। শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা লঞ্চঘাট এলাকায় একত্র হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে ‘খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

থানাপাড়া এলাকার পাঁচতলা ওই হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হলে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্কিত স্বজনেরা ভর্তি থাকা শিশু ও নবজাতকদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ বিষয়ে সংসদ সদস্য কে এম বাবর মুঠোফোনে জানান, হাসপাতালে সিজার হওয়া রোগীসহ অনেক রোগী থাকা অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে, যা যুদ্ধের সময়ও কেউ করে না।

এদিকে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেন এবং ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। ওই সময় সড়ক অবরোধের ছবি তুলতে বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয় বলে জানা গেছে।

/আশিক


সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ২৩:৪১:১৫
সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় এই হামলা চালান বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গত রোববার শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনগুলোর আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই থানার সামনে লোকজন জড়ো হতে শুরু করেন।

সূত্রগুলো জানায়, আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। পরবর্তীতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল থানার দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে ও স্লোগান দিতে দেখা গেছে। এ ছাড়া এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে এসে থানায় আগুন দেওয়ার হুমকি দিতে দেখা যায়, যেখানে তিনি পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও উল্লেখ করেন। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের সঠিক সংখ্যা বা শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানিয়েছেন, থানা ছাড়াও চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় আগুন লাগার খবর পেয়েছেন তারা। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি; নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান রাতে গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদর দপ্তর সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুন্নুমিরাও থানায় হামলা ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আশিক


জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ, নতুন যুগে বাংলাদেশ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৭ ১৮:২৩:৩০
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ, নতুন যুগে বাংলাদেশ
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর কর্মকর্তাদের ফটোসেশন

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে ঐতিহাসিক এই গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চলতি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট গ্রিড কানেকশন বা প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এই সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানো হবে। পরীক্ষার প্রতিটি ধাপে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।

গ্রিড সংযোগের বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে এবং এর অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া মানেই এখনই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া নয়; বরং কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, এটি মূলত তা যাচাইয়ের একটি কারিগরি পরীক্ষা। প্রথম দফায় কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা শেষে প্রথম ইউনিটটি স্টেজ-সি কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়, যেখানে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা যাচাই করা হয়। নির্ধারিত তাপমাত্রা ও শক্তির পর্যায়ে পৌঁছানোর পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয় এবং সেই বাষ্পের চাপে টারবাইন ও জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপাদিত হয়। এখন গ্রিড সংযোগের মাধ্যমে সেই বিদ্যুৎ জাতীয় সঞ্চালনব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টরা আরও জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মান অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা ও লাইসেন্স পাওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা শতভাগে উন্নীত করা হবে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও দ্রুত এগিয়ে চলছে এবং আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যা পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে। প্রতিটি ইউনিট চালাতে নিজস্ব ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ খরচ হওয়ার পর দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে নিট ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

/আশিক


নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১৮:৪৭:২১
নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনাথছড়া এলাকার বাসিন্দা পল্টন চাকমার বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় পুননির্মাণের জন্য ১৫ নভেম্বর ২০২৬, রবিবার সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেক্ষ‌্য গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১.০০ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পল্টন চাকমার বসতবাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যায়। বিষয়টি জানার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বসতবাড়ি পুননির্মাণের জন্য ১৬ পিস ঢেউটিন হস্তান্তর করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


রাজধানীর বংশালে ভোরে নারীর ওপর হামলা ও মোবাইল ছিনতাই, থানায় জিডি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৪ ১২:০১:১০
রাজধানীর বংশালে ভোরে নারীর ওপর হামলা ও মোবাইল ছিনতাই, থানায় জিডি
ঘটনার প্রতিকী ছবি।

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভোরে এক নারীর ওপর হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুরাইয়া রিতু (২৭) এ ঘটনায় বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগেও চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের নথিতে উল্লেখ রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে বংশাল থানার দক্ষিণ পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী, সাবেক বিজিবি সদস্য আহাদ শাওন সত্য নিউজের প্রতিনিধিদলের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন।

বংশাল থানায় জমা দেওয়া সাধারণ ডায়েরির বিবরণ অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সুরাইয়া রিতু ও তাঁর স্বামী বাসা থেকে অটোরিকশাযোগে সদরঘাটের উদ্দেশে রওনা হন। পথে বংশাল থানার দক্ষিণ পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটির পাশাপাশি তাঁর জাতীয় পরিচয়পত্রও হারিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বংশাল থানার শরণাপন্ন হন।

সত্য নিউজের হাতে আসা জিডির অনুলিপিতে দেখা যায়, শনিবারই সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। এতে জিডি নম্বর ৭০৪ এবং অনলাইন ট্র্যাকিং নম্বর V493XB উল্লেখ রয়েছে। জিডির আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনার বিষয়টিও নথিতে রয়েছে। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসংক্রান্ত নথিতে ভুক্তভোগীর রোগের বিবরণ হিসেবে ইংরেজিতে ‘Physical assault’ লেখা রয়েছে, যার অর্থ শারীরিক আক্রমণ বা নির্যাতন। চিকিৎসক তাঁকে সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর পরামর্শ দিয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

ভুক্তভোগীর স্বামী আহাদ শাওন সত্য নিউজকে বিষয়টি জানানোর পর ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবালের সঙ্গে যোগাযোগ করা হয়। সত্য নিউজের প্রতিনিধিকে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তখনো তিনি অবগত নন। তবে ভুক্তভোগীর সাধারণ ডায়েরির অনুলিপিতে থানায় অভিযোগ গ্রহণের তথ্য রয়েছে। এ অবস্থায় অভিযোগটি নিয়ে তদন্তের অগ্রগতি, অভিযুক্তদের শনাক্ত করার উদ্যোগ এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে, বিশেষ করে থানার কাছাকাছি এলাকায় ভোররাতে এ ধরনের ছিনতাইয়ের অভিযোগ নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। অভিযোগ অনুযায়ী ঘটনাটি বংশাল থানার দক্ষিণ পাশের সড়কে ঘটেছে। ফলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সময় সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কেমন ছিল, সেটিও তদন্তে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে সংঘটিত ছিনতাইয়ের অভিযোগ তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের প্রযুক্তিগত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের উদ্যোগ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সত্য নিউজের পক্ষ থেকে ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া হয়েছে। তবে অভিযোগের তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।


অবশেষে জাতীয় গ্রিডের সুফল পেল মেহেরপুরবাসী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১১ ২০:৫৮:৫৯
অবশেষে জাতীয় গ্রিডের সুফল পেল মেহেরপুরবাসী
ছবি : সংগৃহীত

সীমান্তবর্তী জেলা মেহেরপুর এতদিন পার্শ্ববর্তী জেলা থেকে আসা ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে বিদ্যুৎ পাওয়ার ব্যবস্থার ওপর নির্ভর করে চলত। দীর্ঘ দূরত্বের কারণে এই ব্যবস্থায় প্রায়ই কম ভোল্টেজ বা লো-ভোল্টেজসহ নানা ধরনের বিপত্তি দেখা দিত। তবে সেই পুরোনো নির্ভরতা পেরিয়ে মেহেরপুর অবশেষে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন করে ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ১৩২ বা ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মাধ্যমে এই সংযোগ নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান এবং বিদ্যুৎ সরবরাহের গুণগত মান ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং এর পরের দিন অর্থাৎ ২৯ অক্টোবর সংশ্লিষ্ট গ্রিড উপকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মাধ্যমে মেহেরপুর প্রথমবারের মতো সরাসরি ১৩২ কেভি ভোল্টেজ স্তরে জাতীয় গ্রিডের আওতায় এল।

নতুন এই বিদ্যুৎ অবকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ১৩২ বা ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন বসানোর কাজ সম্পন্ন হয় এবং কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে অতিরিক্ত দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, এতদিন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সঞ্চালন পথের এই দীর্ঘ দূরত্বের কারণে প্রায়ই বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও লো-ভোল্টেজের সমস্যা তৈরি হতো। নতুন এই সংযোগ চালু হওয়ায় এখন থেকে মেহেরপুরবাসী আরও মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে। এছাড়া এর ফলে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ কমবে এবং ওভারলোডজনিত বিভিন্ন সমস্যার ইতিবাচক সমাধান হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

/আশিক


ইসলামী ছাত্রশিবিরের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জামায়াত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১০ ১৮:০৬:৫৬
ইসলামী ছাত্রশিবিরের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জামায়াত
ছবি : সংগৃহীত

বিগত সময়ের রাজনৈতিক কারণে দায়েরকৃত ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সমস্ত রাজনৈতিক মামলাও প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য কেরামত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্যগুলো তুলে ধরেন। অধিবেশনে আইনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিশেষ প্রক্রিয়া শুরু হয় এবং বর্তমান সরকার ক্ষমতায় এসে এ কার্যক্রমকে আরও গতিশীল করেছে।

ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সঠিকভাবে আবেদন জমা দেওয়ায় তাঁদের সকল মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হলেও জামায়াতে ইসলামীর আবেদনগুলোতে কিছু ক্রুটি থাকায় তা স্থগিত রয়েছে। জামায়াতের নেতাদের সঠিক নিয়মে পুনরায় আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে এবং নিয়ম মেনে আবেদন করলে তাও বিবেচনা করা হবে। এ ছাড়া তিনি স্পষ্ট করেন যে, ধর্ষণসংক্রান্ত মামলা ব্যতীত হত্যা মামলাও যদি রাজনৈতিক উদ্দেশ্যে করার প্রমাণ মেলে, তবে তা প্রত্যাহারের আওতায় আসবে।

এর আগে সংসদে বিরোধী পক্ষের সংসদ সদস্য বিগত শাসনামলের ভুয়া ও রাজনৈতিক মামলার দীর্ঘসূত্রতা এবং এর হয়রানি থেকে নিষ্পত্তির রোডম্যাপ সম্পর্কে জানতে চান। জবাবে আইনমন্ত্রী উল্লেখ করেন, মামলা প্রত্যাহারের প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুত করতে জেলা পর্যায়ে চার সদস্যের বিশেষ কমিটি এবং আইনমন্ত্রীর আহ্বায়কে ৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। এজাহার, চার্জশিটের অনুলিপি ও পাবলিক প্রসিকিউটরের মতামত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হওয়া মামলাগুলোই ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত: