মানবিক সহায়তা প্রবাহ স্বাভাবিক করতে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৫ ১১:২২:৪১
মানবিক সহায়তা প্রবাহ স্বাভাবিক করতে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। একইসঙ্গে স্থগিত থাকা মানবিক সহায়তা প্রবাহও স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান (Kan)।

এর আগে, ইসরায়েল সরকার আজ বুধবার থেকে গাজায় মানবিক সহায়তা সীমিত করা এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখাসহ নতুন কিছু নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা করেছিল। তবে শেষ মুহূর্তে এসব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে টাইমস অফ ইসরায়েলকে একাধিক সূত্র জানিয়েছে।

জিম্মিদের মরদেহ হস্তান্তর

প্রতিবেদনে বলা হয়, গত রাতে হামাস আরও চারজন জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে হামাস মোট ২৮ জন নিহত জিম্মির মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করল। ফেরত পাওয়া মরদেহগুলো ফরেনসিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যেখানে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে। হামাস এখন পর্যন্ত ফেরত দেওয়া এই চারজনের পরিচয় প্রকাশ করেনি।

মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এবং সংশ্লিষ্ট সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আজকের মধ্যেই হামাস আরও চারজন জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে।


বোমাবর্ষণের মানসিকতা নিয়েই এগোবো: ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৯:৫৫:১১
বোমাবর্ষণের মানসিকতা নিয়েই এগোবো: ট্রাম্প
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে চরম সামরিক হুঁশিয়ারি দিয়ে আলোচনার টেবিলে আত্মসমর্পণের চাপ বাড়িয়েছেন। সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেছেন, "ইরানে বোমাবর্ষণের মানসিকতা নিয়ে এগোনোই এখন শ্রেয়।" তিনি আরও দাবি করেন যে, মার্কিন সেনাবাহিনী লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা ‘মুখিয়ে আছে’।

ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান এমন এক সময়ে এলো যখন ওমান সাগরে নৌ-অবরোধ এবং জাহাজ জব্দ নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে। পিবিএস নিউজকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারেও তিনি একই সুরে কথা বলেন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বুধবার (২২ এপ্রিল ২০২৬) শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ যুক্তরাষ্ট্র আর বাড়াবে না। তাঁর মতে, হাতে সময় খুব কম এবং যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, যা শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’র দিকে নিয়ে যেতে পারে।

তবে ট্রাম্পের এই ‘ম্যাক্সিমাম প্রেসার’ বা সর্বোচ্চ চাপের কৌশলের বিপরীতে ইরান এখনো দোটানায় রয়েছে। তেহরান এখন পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। যদিও রয়টার্স এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা এখনো জোরালো এবং সবকিছু সঠিক পথেই এগোচ্ছে। এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে ট্রাম্প নিজে সরাসরি বা ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন।

/আশিক


মার্কিন অবরোধ গুঁড়িয়ে ইরানি বন্দরে তেলের জাহাজ! সাগরে স্নায়ুযুদ্ধের নতুন মোড়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৯:২৪:৩৮
মার্কিন অবরোধ গুঁড়িয়ে ইরানি বন্দরে তেলের জাহাজ! সাগরে স্নায়ুযুদ্ধের নতুন মোড়
ছবি : সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ আর সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ইরানের বন্দরে নোঙর করেছে একটি ইরানি তেলবাহী জাহাজ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনাবাহিনী ও নৌবাহিনীর সরাসরি সহায়তায় ‘সিলিকা সিটি’ নামের এই জাহাজটি সফলভাবে ইরানি জলসীমায় প্রবেশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আরব সাগর থেকে বন্দরে পৌঁছানো পর্যন্ত মার্কিন নৌবাহিনী একাধিকবার হুমকি ও সতর্কবার্তা দিলেও ইরানি বাহিনী তা তোয়াক্কা করেনি। তবে এই সাহসিকতাপূর্ণ অভিযানের বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ শুরুর পর থেকে তারা এ পর্যন্ত ২৭টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। এমনকি সোমবার রাতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে ট্রাম্প প্রশাসনের অধীনে থাকা মার্কিন বাহিনী। পেন্টাগন (যার বর্তমান নাম 'যুদ্ধ মন্ত্রণালয়') জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

/আশিক


বৈদেশিক ঋণের বোঝা কত? সংসদে ঋণের পাহাড়ের তথ্য দিলেন অর্থমন্ত্রী

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৮:২৫:২৩
বৈদেশিক ঋণের বোঝা কত? সংসদে ঋণের পাহাড়ের তথ্য দিলেন অর্থমন্ত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের বর্তমান স্থিতি এবং তা পরিশোধের বিস্তারিত তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদের ১৮তম দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য প্রদান করেন। রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বর্তমান বিদেশি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কত টাকা ঋণ পরিশোধ করা হয়েছে—তা জানতে চেয়েছিলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সরকারের পক্ষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ঋণ পরিশোধের কার্যক্রম তদারকি করে থাকে। তিনি জানান, প্রতি অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বার্ষিক বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। এই বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর নির্ধারিত সূচি অনুসরণ করে কিস্তি পরিশোধ করা হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। মূলত সময়মতো ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এবং স্বচ্ছতা বজায় রাখার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

/আশিক


বিশ্ববাজারে কমছে তেলের দাম

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৭:০৭:২৯
বিশ্ববাজারে কমছে তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির আবহ তৈরি হয়েছে। সেই প্রভাবেই মঙ্গলবার তেলের দাম নিম্নমুখী অবস্থানে রয়েছে, আর দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পতনের ধারা মোটামুটি বজায় থেকেছে।

বাজার পর্যবেক্ষকদের মতে, বিনিয়োগকারীরা এখন ধরে নিচ্ছেন যে কূটনৈতিক অগ্রগতি হলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে। বিশেষ করে ইরান-সংক্রান্ত ঝুঁকি কমলে বৈশ্বিক বাজারে সরবরাহচাপ হালকা হওয়ার সম্ভাবনা তৈরি হয়, আর সেটিই দামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলছে।

সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট কমে ৯৪.৭৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই মে চুক্তির দাম ১.১২ ডলার কমে ৮৮.৪৯ ডলারে নেমেছে। অন্য প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বেঞ্চমার্ক ক্রুড ০.৯ শতাংশ কমে ৮৬.৬৩ ডলারেও নেমেছিল, যা দেখায় দিনের ভেতরেও ওঠানামা ছিল।

এই পতনের আগে সোমবার বাজারে একেবারে উল্টো চিত্র দেখা গেছে। ইরানকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং আলোচনা ভেস্তে যেতে পারে এমন শঙ্কায় ব্রেন্ট প্রায় ৫.৬ শতাংশ বেড়ে ৯৫.৪৮ ডলারে পৌঁছায়, আর ডব্লিউটিআই ৬.৯ শতাংশ বেড়ে ৮৯.৬১ ডলারে ওঠে।

তারও আগে ১৭ এপ্রিল ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দর একদিনে প্রায় ৯ শতাংশ পর্যন্ত নেমেছিল, যখন ইরান হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণা দেয় এবং আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। এতে বোঝা যাচ্ছে, তেলবাজারে এখন মূল চালিকাশক্তি হলো ভূরাজনৈতিক ঝুঁকি আর কূটনৈতিক সংকেত।

তবে বাজার এখনো পুরোপুরি নিশ্চিন্ত নয়। রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও সীমিত, আর সরবরাহ ব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সিটি-এর একটি মূল্যায়ন অনুযায়ী, এই বিঘ্ন আরেক মাস চললে তেলের দাম ১১০ ডলার পর্যন্ত উঠতে পারে।

সূত্র: রয়টার্স


মসজিদ-গির্জা কিছুই বাদ যাচ্ছে না! সব ধর্ম অবমাননা করে প্রশ্নের মুখে ইসরায়েলি সেনারা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:৫৬:০৮
মসজিদ-গির্জা কিছুই বাদ যাচ্ছে না! সব ধর্ম অবমাননা করে প্রশ্নের মুখে ইসরায়েলি সেনারা
ছবি : সংগৃহীত

লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ডেবেল শহরে যিশু খ্রিস্টের একটি পবিত্র মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইসরায়েলি এক সেনার এই ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ভাইরালের পর আইডিএফ (IDF) এবং ইসরায়েলি সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি কেবল একজন সেনার ব্যক্তিগত অপরাধ নয়, বরং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভেতরে শিকড় গেঁড়ে বসা উগ্রবাদ ও শৃঙ্খলার চরম অভাবের একটি নগ্ন বহিঃপ্রকাশ।

দীর্ঘদিন ধরে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে প্রচার করলেও, আইডিএফ সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলের কট্টর সমর্থক খ্রিস্টান জায়নিস্ট এবং ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে এই ছবি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

অনেক খ্রিস্টান গোষ্ঠী এখন প্রকাশ্যেই অভিযোগ করছে যে, ইসরায়েলিরা খ্রিস্টানদের প্রতি গভীর ঘৃণা পোষণ করে এবং ফিলিস্তিনিরাই আসলে তাদের প্রকৃত মিত্র। এই একটি ছবি ইসরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, মূর্তিটি যখন ভাঙা হচ্ছিল, তখন সেখানে আরও অনেক সেনা এবং একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, উপস্থিত কেউ তাকে বাধা দেয়নি। এর আগেও গাজা ও লেবাননে ইসরায়েলি সেনাদের হাতে কুরআন শরীফ পোড়ানো, গির্জার ভেতরে ব্যঙ্গাত্মক বিয়ের আয়োজন করা এবং বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছিল।

আইডিএফ কর্তৃপক্ষ এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সাধারণ সেনাদের মধ্যে ‘অপরাধ করে পার পাওয়ার’ এক ধরনের প্রবণতা বা ইনডেমনিটি তৈরি হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বিস্ময়কর ও দুঃখজনক’ বলে অভিহিত করলেও বিশেষজ্ঞরা একে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ। কারণ, গত কয়েক বছরে ইসরায়েলের ভেতরেও খ্রিস্টান ধর্মীয় নেতাদের ওপর হামলা, থুতু নিক্ষেপ এবং খ্রিস্টান কবরস্থান ভাঙচুরের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

গত বছর গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি ট্যাংকের গোলায় তিনজনের মৃত্যু এবং পাদ্রি গ্যাব্রিয়েল রোমানিল্লির আহত হওয়া নিয়ে ভ্যাটিকানসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ইসরায়েলি সাংবাদিক লাজার বারম্যানের মতে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসরায়েল ধর্মীয় সহিষ্ণুতা ও গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে ক্রমশ উগ্র ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থার দিকে ধাবিত হচ্ছে। আইডিএফ যদি দ্রুত এই নৈতিক অবক্ষয় রোধ করতে না পারে এবং এই সেনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করে, তবে তা কেবল লেবানন বা গাজা নয়, খোদ ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াবে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


অবরোধে ধ্বংস হচ্ছে ইরান, জয় আমাদেরই: ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:৪৪:০৪
অবরোধে ধ্বংস হচ্ছে ইরান, জয় আমাদেরই: ট্রাম্প
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। আগামীকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুই দেশের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিস্ফোরক পোস্টের মাধ্যমে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করবে না। তাঁর দাবি, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই মার্কিন অবরোধ ‘ইরানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে’ এবং এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে’ জয়ী হচ্ছে। ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান সম্প্রতি বিভিন্ন জাহাজে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতির ‘পূর্ণাঙ্গ লঙ্ঘন’ করেছে।

এদিকে, পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও ইরান এখনো তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ না তোলা পর্যন্ত তারা হরমুজ প্রণালি খুলবে না। এর আগে গত রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার ভিডিও প্রকাশ করে, যাকে ইরান ‘সশস্ত্র জলদস্যুতা’ ও যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সেন্টকমের তথ্যমতে, গত এক সপ্তাহে তারা ২৭টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

ইসলামাবাদে আলোচনার পরিবেশ তৈরির জন্য বড় বড় হোটেল খালি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান পুলিশ। তবে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ছাড়েননি। যদিও মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন তারা মঙ্গলবারই রওনা হতে পারেন। পাকিস্তান সরকার আত্মবিশ্বাসী যে তারা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, তবে তেহরান এখন পর্যন্ত ‘কোনো পরিকল্পনা নেই’ বলেই অনড় অবস্থানে রয়েছে।

/আশিক


ইসরায়েলি প্রভাবের খবর নাকচ! ইরানের বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:২৪:০২
ইসরায়েলি প্রভাবের খবর নাকচ! ইরানের বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েল সরকার তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্ররোচিত করছে—এমন দীর্ঘদিনের জল্পনা ও সংবাদমাধ্যমের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ এপ্রিল ২০২৬) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল তাকে কখনোই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রভাবিত করেনি।

ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে আসলো যখন ওমান সাগরে জাহাজ জব্দ ও ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা তুঙ্গে। ট্রাম্প জানান, ৭ অক্টোবরের ঘটনার পর ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার বিষয়ে তিনি আরও কঠোর হয়েছেন ঠিকই, তবে যুদ্ধের চেয়ে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এই মর্মে একটি সমঝোতার দিকে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমনকি প্রস্তাবিত চুক্তির আওতায় ইরানের পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার ইঙ্গিতও দেন তিনি।

তবে ইরানের পক্ষ থেকে এই বক্তব্যকে স্রেফ ‘রাজনৈতিক চাল’ হিসেবে দেখা হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ফাঁকা বুলিতে নয় বরং হরমুজ প্রণালিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে ইরানের অবস্থান নির্ভর করবে বাস্তব পরিস্থিতির ওপর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে মধ্যপ্রাচ্য নীতিতে তিনি সম্পূর্ণ স্বাধীন এবং ইসরায়েলের দ্বারা প্রভাবিত নন।

সূত্র : শাফাক নিউজ


আজই কি তবে বিশ্বশান্তির দিন? ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২১:৩৮:২০
আজই কি তবে বিশ্বশান্তির দিন? ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের
ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ টানাপোড়েন আর উত্তেজনার অবসান ঘটিয়ে তিনি দাবি করেছেন, আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এবং বিবিসির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবেন। এই দলে গতবারের আলোচনার কারিগর স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনারও রয়েছেন। মূলত যুদ্ধ বন্ধ এবং দ্বিতীয় দফার আলোচনার চূড়ান্ত রূপ দিতেই এই সফর।

এদিকে, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে, যা উন্নত নিরাপত্তা সরঞ্জাম ও সাঁজোয়া যান নিয়ে এসেছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আনাদুলো


এক গ্রাম ইউরেনিয়ামও বিদেশে যাবে না: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া জবাব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২০:১২:০০
এক গ্রাম ইউরেনিয়ামও বিদেশে যাবে না: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া জবাব
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গ্রাফিক্স: ইত্তেফাক

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগেই নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিল তেহরান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন যে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না।

ইসমাইল বাঘাই অত্যন্ত কড়া ভাষায় বলেন, অতীতের কোনো আলোচনাতেও ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি ইরানের এই পারমাণবিক অর্জনকে ‘জাতীয় মর্যাদা ও সম্পদ’ হিসেবে অভিহিত করে বলেন, ইউরেনিয়াম মজুত রক্ষা করা ইরানি নাগরিকদের জীবনের মতোই মূল্যবান। বাঘাইয়ের মতে, এই প্রযুক্তি দীর্ঘদিনের দেশীয় বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফল এবং এটি সম্পূর্ণভাবে ইরানিদের নিজস্ব অর্জন।

ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে মুখপাত্র জানান, যদি এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ না হতো, তবে আন্তর্জাতিক শক্তিগুলো ইরানকে সীমিত করার জন্য এত চাপ সৃষ্টি করত না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা দেশের ভেতরেই সংরক্ষণ করবে এবং এই ইস্যুতে কোনো দেশের সঙ্গেই আপস করার প্রশ্নই ওঠে না। ট্রাম্পের ‘ধ্বংসের হুমকি’র মুখে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

/আশিক

পাঠকের মতামত: