হঠাৎ আদালতে হাজির, চার সাবেক মন্ত্রী একসঙ্গে কারাগারে!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৬:৩৫:৩২
হঠাৎ আদালতে হাজির, চার সাবেক মন্ত্রী একসঙ্গে কারাগারে!

গাজীপুরের গাছা থানায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত এই ঘটনায় দায়ের করা মামলায় তাদের ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাছা থানাধীন এলাকায় আন্দোলনের সময় সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৬ জন। পৃথক তিনটি হত্যা মামলার মধ্যে একটি নবীন তদন্তাধীন মামলায় চারজন উচ্চপদস্থ রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাকে আসামি করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই তাদের আদালতে হাজির করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের সকালেই প্রিজন ভ্যানে করে আনা হয় আদালতে। আদালতপাড়ায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নিরাপত্তা দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে শুধু গাজীপুর নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে নতুন নতুন গ্রেপ্তার অব্যাহত রয়েছে। ঢাকায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে, নাটোরে ১৭ জন এবং বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় আরও কয়েকটি মামলা হতে পারে এবং তদন্তের পরিধি উচ্চপর্যায়ের রাজনীতিকদের দিকেও প্রসারিত করা হচ্ছে।


ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে তাঁবেদার বানাতে পারবে না: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২১ ২০:১৩:০৪
ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে তাঁবেদার বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে যেকোনো মূল্যে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাকে দুটি প্রধান দায়িত্ব হিসেবে অভিহিত করেন তিনি।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে এবং সেই থেকেই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণা এবং ২৬ ও ২৭ মার্চের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রতিরোধ এবং ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত নির্বিচার সেনা হত্যাযজ্ঞের পর দেশের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, তিন বাহিনীর সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতিমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ বলে তিনি উল্লেখ করেন। চেইন অব কমান্ড, সততা, দক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে তিনি যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠনের তথ্য জানান এবং ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন।

দেশের দুর্গম পার্বত্য অঞ্চল ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সেবামূলক কার্যক্রমের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশে-বিদেশে শাহাদাতবরণকারী বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। তিনি সবার কাছে তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা সংবর্ধনায় অংশ নেন।

/আশিক


‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে উৎপাদনমুখী অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২১ ১৯:২৫:১০
‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারে উৎপাদনমুখী অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটবে। জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ আয়োজন উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলেও বিশ্বাস করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই অঙ্গীকারকে সামনে রেখে সরকার একটি উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত জরুরি। স্থানীয় সম্পদ, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সুষম উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে। বাণীর শেষে ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেলার সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

/আশিক


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাসায় আসছেন মাঠকর্মীরা, হাতের নাগালে রাখবেন যেসব কাগজপত্র

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২১ ১৯:০১:৫০
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাসায় আসছেন মাঠকর্মীরা, হাতের নাগালে রাখবেন যেসব কাগজপত্র
ছবি : সংগৃহীত

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা সরাসরি নাগরিকদের বাড়ি, ফ্ল্যাট কিংবা বাসস্থানে গিয়ে পরিবারের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করছেন। সুষ্ঠুভাবে তথ্য প্রদানের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্র আগেভাগেই প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের শীর্ষে থাকা এই কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর মাস থেকে সারা দেশে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি পরিবারকে এই ডাটাবেজের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাসায় আসতে পারেন—এমনটা জানিয়ে নাগরিকদের বেশ কিছু নথি ও তথ্য হাতের নাগালে রাখতে বলা হয়েছে। পরিচয়পত্রের ক্ষেত্রে পরিবারের যে নারী সদস্যের নামে কার্ডটি ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপির পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। আর্থিক ও ব্যক্তিগত তথ্যের মধ্যে কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সদস্য সংখ্যা এবং আয়-ব্যয় ও সম্পদের সঠিক বিবরণ রাখতে বলা হয়েছে। এ ছাড়া আবেদনকারী নারীর ছবি, বসতবাড়ির ছবি এবং নির্ধারিত ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কোনো প্রতারক চক্র বা ব্যক্তি অর্থ দাবি করলে কোনোভাবেই লেনদেন না করার জন্য জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো পরিবার যেন এই শুমারি থেকে বাদ না পড়ে, সেজন্য সঠিক তথ্য দিয়ে মাঠকর্মীদের সহায়তা করার অনুরোধ জানানোর পাশাপাশি কর্মসূচিটি সফল করতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদের জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

/আশিক


বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, বদলেছে আবেদন প্রক্রিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২১ ১১:৩২:২৭
বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, বদলেছে আবেদন প্রক্রিয়া
ছবি : সংগৃহীত

সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ও ভাতা পরিশোধের প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। সরকারি আর্থিক ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাস (আইবাস++)-এর কারিগরি উন্নয়ন চলমান থাকায় বকেয়া পেনশন পরিশোধের একটি গুরুত্বপূর্ণ সুবিধা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে পেনশনভোগীদের প্রাপ্য অর্থ পরিশোধের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প প্রশাসনিক ব্যবস্থায় সংশ্লিষ্ট অপশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর সেগুনবাগিচার হিসাব ভবন থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটির স্মারক নম্বর ০৭.০৩.০০০০.২০১.৩২.০৯(খণ্ড-৪).২১-৩৮৩৫। এতে বকেয়া পেনশন পরিশোধের জন্য ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ বা বকেয়া প্রত্যয়নসংক্রান্ত সুবিধা ব্যবহারের পদ্ধতি এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় নির্ধারণ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, সরকারি পেনশন ব্যবস্থাপনায় ব্যবহৃত আইবাস++ সফটওয়্যারের বকেয়া পেনশন পরিশোধসংক্রান্ত কার্যক্রম আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে সফটওয়্যারের ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ অপশনটি ব্যবহার করে সরাসরি অনলাইনে বকেয়া পেনশন ও ভাতা পরিশোধের সুবিধা আপাতত সীমিত রাখা হয়েছে। তবে কারিগরি উন্নয়নের এই সময়েও বকেয়া অর্থ পরিশোধের প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ অপশন চালুর অনুরোধ জানাতে হবে। কোন পর্যায়ের কার্যালয় কীভাবে আবেদন পাঠাবে, তা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অনুরোধ গ্রহণ, যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালিত হবে।

উপজেলা ও জেলা পর্যায়ের হিসাবরক্ষণ কার্যালয়গুলোর জন্য নির্দেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সব উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) এবং জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (ডিএএফও) কার্যালয়কে বকেয়া পেনশন পরিশোধের অপশন চালুর অনুরোধ সরাসরি কেন্দ্রীয় পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে এসব কার্যালয়কে নিজ নিজ সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পত্র পাঠাতে হবে।

অর্থাৎ উপজেলা বা জেলা পর্যায়ে কোনো বকেয়া পেনশন পরিশোধের জন্য ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ সুবিধা প্রয়োজন হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় প্রথমে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের দপ্তরে বিষয়টি পাঠাবে। পরে বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সেই অনুরোধ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে পৌঁছাবে। এর ফলে মাঠপর্যায়ের আবেদনগুলো নির্ধারিত প্রশাসনিক স্তর অনুসরণ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে।

অন্যদিকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের হিসাবরক্ষণ কার্যালয়ের জন্য তুলনামূলক সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ) কার্যালয় প্রয়োজনীয় ক্ষেত্রে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় বরাবর পত্র পাঠাতে পারবে।

এই ব্যবস্থায় উপজেলা ও জেলা পর্যায়ের অনুরোধ বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এবং কেন্দ্রীয় হিসাবরক্ষণ কার্যালয়গুলো সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের জন্য আবেদন পাঠানোর পদ্ধতি স্পষ্ট হয়েছে।

নতুন নির্দেশনাটি মূলত সরকারি হিসাবরক্ষণ কার্যালয়গুলোর অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য প্রযোজ্য। এটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কোনো পেনশন আবেদনপদ্ধতি চালু করার ঘোষণা নয়। একইভাবে বকেয়া পেনশন পাওয়ার যোগ্যতা, ভাতার হার কিংবা পেনশনভোগীদের বিদ্যমান আর্থিক সুবিধা পরিবর্তনের কথাও অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট কার্যালয়গুলোর জন্য নির্ধারিত এই বিকল্প ব্যবস্থার উদ্দেশ্য হলো, আইবাস++ সফটওয়্যারের উন্নয়নকাজ চলাকালেও প্রয়োজনীয় বকেয়া প্রত্যয়ন কার্যক্রম সচল রাখা। অনলাইন সুবিধা সীমিত থাকার কারণে যাতে বকেয়া পেনশন পরিশোধের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ না হয়ে যায়, সে বিষয়টি বিবেচনায় রেখে পত্র যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে নতুন নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সফটওয়্যারের উন্নয়নকাজ কবে শেষ হবে কিংবা ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ অপশনটি আগের মতো সম্পূর্ণভাবে কবে চালু হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই।

এদিকে অফিস আদেশটি কার্যকর করার জন্য দেশের সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর অনুলিপি সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশনসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের সরকারি ওয়েবসাইট www.pension.gov.bd ব্যবহার করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট কার্যালয়ের টেলিফোন নম্বর ০২-৪১০৩০৫৮২-তে যোগাযোগের তথ্যও দেওয়া হয়েছে।

-রফিক


মুক্তিযোদ্ধাদের নিয়ে আবেগঘন বক্তব্য তারেক রহমানের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ২১ ১১:২০:৪৭
মুক্তিযোদ্ধাদের নিয়ে আবেগঘন বক্তব্য তারেক রহমানের
ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার গৌরব অর্জনকে জীবনের বিরল ও অসামান্য সম্মান হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব অত্যন্ত মর্যাদাপূর্ণ। তবে এসব রাষ্ট্রীয় সম্মানের বাইরেও স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের যে ঐতিহাসিক গৌরব, সেটিই মুক্তিযোদ্ধাদের জাতির ইতিহাসে অনন্য ও অসাধারণ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, স্বাধীনতার জন্য জাতির আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও শ্রদ্ধাবোধের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতির স্বাধীনতা অর্জনের সংগ্রামে সরাসরি অংশ নেওয়া এবং সেই সংগ্রামে বিজয়ী হওয়ার অভিজ্ঞতা সবার জীবনে আসে না। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সেই বিরল সৌভাগ্য ও গৌরবের অধিকারী। তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা এবং দেশপ্রেমের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্ভব হয়েছে। ফলে মুক্তিযোদ্ধাদের অবদান কেবল একটি ঐতিহাসিক ঘটনার অংশ নয়, বরং জাতির অস্তিত্ব, আত্মপরিচয় ও স্বাধীনতার ভিত্তির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁদের মধ্যে অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ কিংবা পরিবারের সদস্যদের আত্মত্যাগের মধ্য দিয়ে তাঁরা সবাই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসের অংশীদার হয়েছেন। এ জন্য তিনি উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানান।

স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অসংখ্য মানুষের প্রাণহানি, নারীদের ওপর নির্যাতন, আহত মানুষের দীর্ঘস্থায়ী যন্ত্রণা এবং বহু মুক্তিযোদ্ধার পঙ্গুত্ববরণের মতো হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, আজকের স্বাধীন রাষ্ট্রের পেছনে রয়েছে লাখো মানুষের রক্ত, অগণিত পরিবারের বেদনা এবং অসংখ্য মানুষের অপূরণীয় ক্ষতি। সেই ত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া রাষ্ট্র ও জনগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। তিনি মহান আল্লাহর কাছে মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তব্যের একপর্যায়ে মুক্তিযুদ্ধের সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি ব্যক্তিগতভাবেও গর্ব অনুভব করছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের অর্জন এবং তাঁদের সম্মানজনক যেকোনো স্বীকৃতি তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করে।

প্রধানমন্ত্রী তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করে বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তাঁর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সামরিক পরিচয় সশস্ত্র বাহিনীর জন্যও গৌরবের বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে সামরিক বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্বাধীনতার জন্য তাঁদের অবদান জাতির কাছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপির অতীত ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টিকে দলটি বরাবরই গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও আন্তর্জাতিক অবস্থান নিয়েও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

-রফিক


রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিজের এই রায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৯ ১৯:০৮:৩৩
রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিজের এই রায়
ছবি : সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার আইসিজের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানায় এবং এতে পূর্ণ সন্তুষ্ট। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবারের মতো জেনোসাইডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে কোনো রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হলো। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আইসিজের এই রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন হুমায়ুন কবির। তিনি জানান, রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে এবং এর ফলে এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ইতিবাচক ফলাফলের সম্ভাবনা তৈরি হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে অগ্রসর হওয়া হবে, সে ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। রায়ের বিস্তারিত দিকগুলো আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে বলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।

/আশিক


সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘যথেষ্ট হয়েছে, আর নয়’

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৯ ১৭:৪০:০৮
সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘যথেষ্ট হয়েছে, আর নয়’
ছবি : সংগৃহীত

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না, বরং তারা নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের মতো আবারও সবাইকে একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর ভাষ্যমতে, দীর্ঘ ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা পালিয়ে গিয়েও আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।’

ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অধিকার ষড়যন্ত্রকারীরা কেড়ে নিতে চায় বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি মন্তব্য করেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/আশিক


বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে স্বাধীনতা রক্ষার ডাক দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ২২:৫৭:২১
বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে স্বাধীনতা রক্ষার ডাক দিলেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংসদ নেতার বক্তব্য অনুযায়ী, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় তিনি চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন।

তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রায় তিন দশক আগে বেগম খালেদা জিয়ার দেওয়া একটি ঐতিহাসিক স্লোগানের কথা স্মরণ করিয়ে দেন। তারেক রহমান উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন— ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ আজকের প্রেক্ষাপটে আবারও সেই একই আওয়াজ তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/আশিক


চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরলেন সংসদ নেতা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ নভেম্বর ১৮ ২০:০৫:৫৫
চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরলেন সংসদ নেতা
ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সংসদে জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে অর্থনৈতিক নানা পদক্ষেপের ফলে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

এদিন ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়, যার প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল। উল্লেখ্য, গত ৯ নভেম্বর শুরু হওয়া জাতীয় সংসদের সংক্ষিপ্ত এই চতুর্থ অধিবেশনটি কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

/আশিক

পাঠকের মতামত: