চার বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরে বক্স অফিসে ঝড়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২৬ ২১:২৪:৫২
চার বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরে বক্স অফিসে ঝড়
ছবি : সংগৃহীত

দীর্ঘ চার বছরের বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছেন ‘রকিং স্টার’ খ্যাত অভিনেতা যশ। বিশ্বজুড়ে সাড়া জাগানো ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর তাঁর অভিনীত নতুন চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে।

মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচকদের নেতিবাচক পর্যালোচনা সত্ত্বেও অগ্রিম বুকিং এবং মুক্তির প্রথম দিনের টিকিট বিক্রিতে সিনেমাটি অভাবনীয় সাড়া পেয়েছে। মুক্তির দিনেই ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রির মাধ্যমে ছবিটি আয় করেছে প্রায় ৪৯ কোটি রুপি, আর সব মিলিয়ে উদ্বোধনী দিনের মোট আয় ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে বলে আভাস মিলেছে।

গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার ঘরানার সিনেমায় যশকে একটি দ্বৈত চরিত্রে দেখা গেছে। গীতু ও যশের যৌথ চিত্রনাট্যে নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে ১৯৫০-এর দশকের গোয়ার প্রেক্ষাপটে এক তীব্র ও সহিংস প্রতিশোধের আখ্যানকে কেন্দ্র করে, যা প্রাপ্তবয়স্কদের উপযোগী রূপকথা হিসেবে পর্দায় তুলে ধরা হয়েছে। সিনেমায় যশের সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলোতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্রটি একই সঙ্গে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে।

মুক্তির আগে থেকেই ট্রেলার ও টিজারে অতিরিক্ত রক্তপাত, সহিংসতা এবং গ্রাফিক যৌন দৃশ্যের উপস্থিতির কারণে সিনেমাটি ব্যাপক আলোচনা ও আইনি জটিলতার মুখে পড়ে। তবে অভিনেতা যশ শুরু থেকেই স্পষ্ট করেছিলেন যে এটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এবং এর গভীর আবহ দর্শকদের চমকে দেবে।

পরবর্তীতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো বড় দৃশ্য কর্তন ছাড়াই মাত্র দুটি সাধারণ পরিবর্তনের শর্তে সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের ছাড়পত্র বা ‘এ’ সার্টিফিকেট প্রদান করে। মুক্তির পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে বিপুল আগ্রহ লক্ষ্য করা যায় এবং মুক্তির আগেই অগ্রিম বুকিং বাবদ আয় ৫৮ কোটি রুপি ছাড়িয়ে যায়।

বিভিন্ন প্রতিকূলতায় ‘টক্সিক’-এর মুক্তির দিনক্ষণ বেশ কয়েক দফা পেছাতে হয়েছিল। প্রাথমিকভাবে চলতি বছরের মার্চ মাসে ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে মুক্তির কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তা জুনে নেওয়া হয়। পরবর্তীতে কারিগরি ও পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চূড়ান্তভাবে ২৬ আগস্ট মুক্তির তারিখ নির্ধারণ করা হয়।

সমালোচকদের নেতিবাচক মন্তব্য থাকলেও যশের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা বক্স অফিসে কোনো প্রভাব পড়তে দেয়নি, বরং সিনেমাটি বড় ধরনের বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিয়ে যাত্রা শুরু করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


চার বছর পর আবারও ঢাকায় আসছেন জনপ্রিয় বিদেশি সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২৬ ১৯:৩২:০৮
চার বছর পর আবারও ঢাকায় আসছেন জনপ্রিয় বিদেশি সংগীতশিল্পী
ছবি : সংগৃহীত

চার বছর পর আবারও বাংলাদেশে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য একটি বিশেষ সংগীত আয়োজনে সরাসরি মঞ্চ মাতাবেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী। বাংলাদেশে আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন ওটিলিয়া।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন ওটিলিয়া ব্রুমা। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নোকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পরিবেশনা দিয়ে দেশীয় দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালে প্রকাশিত তাঁর আলোচিত গান ‘বিলিয়নেরা’র মাধ্যমে বিশ্বজুড়ে তুমুল পরিচিতি পান। ইউটিউবে শত শত মিলিয়ন ভিউ পাওয়া এ গানের আকাশচুম্বী সাফল্যের পর তাঁর আরও বেশ কিছু আন্তর্জাতিক গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

/আশিক


দুরেফিশানকে নিয়ে নেটপাড়ায় কটূক্তি, পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন হানিয়া

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৯ ১৯:২৭:১০
দুরেফিশানকে নিয়ে নেটপাড়ায় কটূক্তি, পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন হানিয়া
ছবি : সংগৃহীত

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিদ্রূপ ও ট্রলের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। সাইবার বুলিংয়ের এমন পরিস্থিতিতে এই সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি বিনোদন অঙ্গনের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

উমাইরা আহমেদের গল্প ও সাকিব খানের পরিচালনায় নির্মিত এই নাটকে নামীর খান এবং শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান। নাটকের প্রেক্ষাপটে তাঁর চরিত্রটি একটি ধনী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে থাকে।

পর্দায় তাঁর কিছু সংলাপ, বিশেষ করে ‘ফ্যাব’ (fab) শব্দটি উচ্চারণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এই কটূক্তির জবাবে চুপ থাকেননি হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুরেফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’ এই বার্তার মাধ্যমে তিনি নেতিবাচক সমালোচকদের কথায় কান না দিয়ে দুরেফিশানকে নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে ‘দার-ই-নিজাত’ নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেললেও দুরেফিশানের চরিত্র এবং তাঁর সংলাপ বলার ধরন নিয়ে দর্শকমহলে ভিন্নমত দেখা গেছে। তবে সব ধরনের বিতর্ক ছাপিয়ে সহকর্মীর বিপদে এমন পাশে দাঁড়ানোর ঘটনাটি বিনোদনপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।

/আশিক


আবারও ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’: পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনি ডেপ?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৮ ২০:২১:৫৮
আবারও ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’: পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনি ডেপ?
ছবি : সংগৃহীত

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্রে আবারও আইকনিক চরিত্র ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ রূপে পর্দায় ফিরতে পারেন হলিউড তারকা জনি ডেপ। ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তিতে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে অভিনেতার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন প্রযোজক জেরি ব্রুকহাইমার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ পুরোদমে চলছে এবং জনি ডেপের সঙ্গে প্রযোজনা দলের নিয়মিত যোগাযোগ রয়েছে।

এর আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে ডিজনি তাঁকে এই ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দিয়েছিল। সে সময় ২০২২ সালে আদালতের শুনানিতে ক্ষোভ প্রকাশ করে ডেপ জানিয়েছিলেন, তিনি আর কখনোই এই চরিত্রে অভিনয় করবেন না। তবে আইনি জটিলতা অবসানের পর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

২০০৩ সালে যাত্রা শুরু করা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজটি বিশ্বব্যাপী বক্স অফিসে সাড়ে চার বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সব সংশয় কাটিয়ে আবারও প্রিয় চরিত্রে ডেপের ফেরার সম্ভাবনায় ভক্তদের মাঝে নতুন উন্মাদনা তৈরি হয়েছে।

/আশিক


চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৯ ১৮:১৩:১১
চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
সালমান শাহ (বাঁয়ে) ও আশরাফুল হক ডন (ডানে) / ছবি : কোলাজ

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানা এই আদেশ প্রদান করেন। এর আগে বিকেলে সিআইডির পরিদর্শক আরিফুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানান।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জানান, আসামি ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আজ বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি সালমান শাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানিকালে আসামিপক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় আদালত ডনকে বিচারিক হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আদালত সিআইডিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন, যা পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন জানানো হয়। সিআইডি ১৯৯৭ সালে তাদের চূড়ান্ত প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করলেও তা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করে সালমান শাহর পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ২০ অক্টোবর বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে পুনর্নিরীক্ষার মাধ্যমে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

/আশিক


আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই স্টার সিনেপ্লেক্সে আসছে নতুন ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৮ ২০:২৬:০৭
আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই স্টার সিনেপ্লেক্সে আসছে নতুন ‘স্পাইডার-ম্যান’
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের প্রবল উন্মাদনার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান’। আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তির দিন ধার্য হলেও সিনেমা প্রেমীদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর খবর হলো, আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন। ৩০ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং একক ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এই সিনেমাটি পরিচালনা করছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সিনেমায় স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে যথারীতি দেখা যাবে টম হল্যান্ডকে এবং এমজে চরিত্রে থাকছেন জেন্ডায়া। চেনা মুখ জ্যাকব ব্যাটালনের পাশাপাশি এতে হাল্ক চরিত্রে মার্ক রাফেলো এবং 'দ্য পানিশার' বা ফ্র্যাঙ্ক ক্যাসেল চরিত্রে জন বার্নথাল বড় পর্দায় ফিরছেন। এ ছাড়া বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পীও এই পর্বে যুক্ত হচ্ছেন।

সিনেমার কাহিনী শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের প্রেক্ষাপট ধরে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর প্রভাবে পুরো বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে যায়। সম্পূর্ণ একাকীত্ব ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে পিটার এখন পরিচয় গোপন রেখে পুরোদমে নিউ ইয়র্ক শহর রক্ষায় ব্যস্ত। কিন্তু অতিমানবীয় শক্তির নতুন রূপান্তর এবং এক বিপজ্জনক রহস্যময় শত্রুর আবির্ভাবে পিটারের জীবন নতুন এক পরীক্ষার মুখে পড়ে।

প্রযুক্তিগত দিক থেকেও চলচ্চিত্রটি এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। বিশ্বজুড়ে এটিই প্রথম সিনেমা যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তির অধীনে তৈরি হয়েছে। এই প্রযুক্তিতে হলের মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালেও ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে দৃশ্য প্রদর্শিত হবে, যা দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। অনলাইন ট্রেলার ও অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড সাড়া পাওয়া এই সিনেমাটি মুক্তির আগেই বিশ্বজুড়ে নতুন মাইলফলক স্পর্শ করার আভাস দিচ্ছে।

/আশিক


মার্ভেল ভক্তদের জন্য দারুণ খবর: 'ব্ল্যাক প্যান্থার ৩' মুক্তির সব তথ্য প্রকাশ্যে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৬ ২০:৩৯:০৭
মার্ভেল ভক্তদের জন্য দারুণ খবর: 'ব্ল্যাক প্যান্থার ৩' মুক্তির সব তথ্য প্রকাশ্যে
ছবি : সংগৃহীত

মার্ভেল ভক্তদের জন্য বহুল প্রতীক্ষিত খবর এনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ নির্মাণের কাজ। ২০২৮ সালে প্রেক্ষাগৃহে আসবে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটির এই নতুন কিস্তি। এবার আইকনিক ‘ব্ল্যাক প্যান্থার’ চরিত্রে পর্দায় হাজির হবেন জনপ্রিয় অভিনেতা ডেভিড জনসন, যিনি মূল চরিত্র রাজা টি’চাল্লার ছেলে ‘প্রিন্স টি’চাল্লা দ্বিতীয়’-এর ভূমিকায় অভিনয় করবেন।

সান দিয়েগো কমিক-কনে দেওয়া ঘোষণা অনুযায়ী, ওয়াকান্ডার পরবর্তী রক্ষক হিসেবে ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজিতে একদম নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মার্ভেল স্টুডিও জানিয়েছে, ২০২৮ সালের ১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

ছবির গল্পে দেখা যাবে, শৈশব পেরিয়ে বড় হয়ে ওঠা টি’চাল্লা দ্বিতীয় কীভাবে ওয়াকান্ডার ঐতিহ্য ও নতুন অভিভাবক হিসেবে নিজের গুরুদায়িত্ব কাধে তুলে নেয়। আগের দুটি কিস্তির মতো এবারও পরিচালকের দায়িত্বে থাকছেন রায়ান কুগলার। পাশাপাশি ‘শুরি’ চরিত্রে লেটিশিয়া রাইট এবং ‘এম'বাকু’ চরিত্রে উইনস্টন ডিউক তাদের পুরোনো ভূমিকাতেই প্রত্যাবর্তন করছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় রাজা টি’চাল্লার ভূমিকায় অনবদ্য অভিনয় করে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে বোসম্যানের অকালমৃত্যুর পর, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় শুরি ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব গ্রহণ করে। মূলত ওই সিনেমার শেষের দিকেই টি’চাল্লা ও নাকিয়ার সন্তান প্রিন্স টি’চাল্লা দ্বিতীয়কে প্রথম দর্শকদের সামনে আনা হয়েছিল।

নতুন ব্ল্যাক প্যান্থার ডেভিড জনসন এর আগে ‘অ্যালিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) অন্যতম প্রভাবশালী এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে আছেন তিনি।

/আশিক


সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২১ ১৮:৪৮:২৩
সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি
ছবি : সংগৃহীত

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব কয়টি মামলায় জামিন মেলায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ সংক্রান্ত আদেশ জারি করেন।

আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আদালতে মোট তিনটি পৃথক মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পান। আর মঙ্গলবার ওয়ারী থানার প্রতারণা মামলাটিতেও বিচারক জামিন মঞ্জুর করায় বর্তমানে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ জুন এই নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির লোভনীয় প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। চক্রটি প্রথমে ছোট অঙ্কের অর্থ বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ ফেরত দিয়ে ভুক্তভোগীর গভীর বিশ্বাস অর্জন করে। পরবর্তীতে ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করিয়ে মোটা অঙ্কের মুনাফাসহ আসল টাকা ফেরতের ভুয়া আশ্বাস দেওয়া হলেও, শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করে চম্পট দেয়। প্রতারণার শিকার হয়ে পরবর্তীতে সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে ওয়ারী থানায় এই মামলাটি দায়ের করেছিলেন।

/আশিক


আর্জেন্টিনার বিতর্কিত জয়ের পর মেসিকে ‘লুজার’ বলে তীব্র কটাক্ষ ভারতীয় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৯ ১৮:৩৪:১৫
আর্জেন্টিনার বিতর্কিত জয়ের পর মেসিকে ‘লুজার’ বলে তীব্র কটাক্ষ ভারতীয় অভিনেত্রীর
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর ও তীব্র বিতর্কিত জয়ের রেশ এখনো কাটেনি। মাঠের সেই উত্তেজনা এবার সম্পূর্ণ নতুন মাত্রায় রূপ দিয়েছেন ভারতীয় মডেল ও জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে সরাসরি ‘লুজার’ এবং ‘নিকৃষ্ট মানের অভিনেতা’ বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাঁর এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গন ছাড়িয়ে বিনোদন দুনিয়াতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে আয়োজিত এই নকআউট ম্যাচে একপর্যায়ে ২-০ গোলের বড় ব্যবধানে স্পষ্টভাবে এগিয়ে ছিল মিশর। কিন্তু ম্যাচের শেষভাগে অভাবনীয় এক প্রত্যাবর্তন ঘটিয়ে আর্জেন্টিনা পরপর তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তবে এই জয়ের পেছনে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিতর্ক।

ম্যাচ শেষ হওয়ার পর গওহর খান নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে এক কনটেন্ট ক্রিয়েটরের তৈরি করা একটি ভিডিও নিজের স্টোরিতে শেয়ার করেন। সেই ভিডিওর ক্যাপশনেই তিনি মেসিকে লক্ষ্য করে লেখেন, কী এক লুজার! মেসি নয়, যেন ‘মেসি’। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা। গওহর যে ভিডিওটি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছিলেন, সেখানে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার এই ম্যাচটিকে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম একটি দুঃখজনক অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছিল।

মূলত ম্যাচের একদম শেষ মূহূর্তে রেফারির কিছু বিতর্কিত বাঁশি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার প্রয়োগ নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে বড় ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। নেটদুনিয়ায় অনেক সাধারণ ফুটবল সমর্থক আলবিসেলেস্তেদের বিরুদ্ধে উসকানিমূলক ও অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তোলেন এবং ম্যাচ অফিশিয়ালদের নিরপেক্ষতা নিয়ে জোরালো প্রশ্ন তোলেন। অপরদিকে আর্জেন্টিনার অন্ধ ভক্তদের দাবি, দলটি শেষ সেকেন্ড পর্যন্ত লড়াকু মানসিকতা ধরে রেখে মাঠের যোগ্যতার প্রমাণ দিয়েই জয় তুলে নিয়েছে। এই পক্ষ-বিপক্ষের চরম উত্তেজনার মাঝে গওহর খানের এমন কড়া মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীরা এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন; একাংশ এই বলিউড অভিনেত্রীর কড়া সমালোচনা করে মেসির পাশে দাঁড়িয়েছেন, আবার অপর পক্ষ ম্যাচটির বিতর্কিত সিদ্ধান্তগুলোর উদাহরণ টেনে গওহরের এই সাহসী বক্তব্যকে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন। সব ধরনের আলোচনা ও বিতর্কের তোয়াক্কা না করে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেও, শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরের এই সামাজিক যোগাযোগমাধ্যমের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

/আশিক


আমির-গৌরীর বিয়ে, আলোচনায় গৌরীর সম্পদের পরিমাণ 

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৬ ০৯:৩৩:৫২
আমির-গৌরীর বিয়ে, আলোচনায় গৌরীর সম্পদের পরিমাণ 
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিয়ের খবরে যেমন ভক্তদের আগ্রহ বেড়েছে, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গৌরী স্প্র্যাটের পেশাগত জীবন, ব্যবসায়িক সাফল্য এবং সম্পদের পরিমাণ। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও সম্পদ-সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্মের প্রতিবেদনের পর এ নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট, বিউটি উদ্যোক্তা এবং সৃজনশীল পরামর্শক হিসেবে পরিচিত গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ থেকে ৪০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে এ অঙ্কের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, তার আয় ও সম্পদের বড় অংশ এসেছে দীর্ঘদিনের ব্যবসা, ফ্যাশন খাতে কাজ এবং বিভিন্ন বিনিয়োগ থেকে।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটের জন্ম ভারতের বেঙ্গালুরুতে। পারিবারিকভাবেই তিনি সৌন্দর্যচর্চা ও ফ্যাশন জগতের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। তার মা একটি সুপরিচিত বিউটি সেন্টার পরিচালনা করতেন, যা পরবর্তী সময়ে গৌরীকে একই শিল্পে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে অনুপ্রাণিত করে। বিউটি ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তিনি পোশাক নকশা ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে ২০০৭ সালে, যখন তিনি ভারতের পরিচিত বিউটি সেলুন ব্র্যান্ড বিব্লান্ট (BBlunt)-এর সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির সহ-মালিকানা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মুম্বাইয়ের একটি শাখার কার্যক্রম তদারকি করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌন্দর্যসেবা খাতের পাশাপাশি ফ্যাশন ও ব্র্যান্ডিং-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।

এছাড়া বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের দাবি, গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনস-এর কিছু সৃজনশীল প্রকল্পে পরামর্শক হিসেবেও যুক্ত রয়েছেন। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গৌরীর শিক্ষাজীবনও আন্তর্জাতিক পরিমণ্ডলের। তিনি ভারতের ব্লু মাউন্টেন স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার বহুজাতিক পারিবারিক পরিচয়ও আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ পরিবারের সদস্য।

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্কের পর মুম্বাইয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একই সূত্রগুলোর তথ্যমতে, গত বছর নিজের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সামনে গৌরীকে প্রথম আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আমির। তবে বিয়ের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া গেলে সেটিই চূড়ান্ত তথ্য হিসেবে বিবেচিত হবে।

-রাফসান

পাঠকের মতামত: