ইয়াসমিন হত্যা দিবস আজ

ধর্ষণের পর হত্যা বেড়েছে ৮১ শতাংশ, আজও একই প্রশ্ন নারীর নিরাপত্তায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ২৪ ০৮:২৪:৪৫
ধর্ষণের পর হত্যা বেড়েছে ৮১ শতাংশ, আজও একই প্রশ্ন নারীর নিরাপত্তায়
ছবি : সংগৃহীত

দেশে নারী ও শিশুর বিরুদ্ধে যৌন সহিংসতার ভয়াবহতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত বছর পুরো ১২ মাসে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছিলেন ৫৫ জন; অথচ চলতি বছরের প্রথম সাত মাসেই এ ধরনের মৃত্যুর সংখ্যা ৫৮ জনে পৌঁছেছে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানের ভিত্তিতে এমন তথ্য সামনে এসেছে। মাসিক গড় তুলনা করলে ধর্ষণের পর হত্যার হার আগের বছরের তুলনায় প্রায় ৮১ শতাংশ বেশি। এমন উদ্বেগজনক বাস্তবতার মধ্যেই আজ সোমবার (২৪ আগস্ট) পালিত হচ্ছে ইয়াসমিন হত্যা দিবস বা নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

দিনটি বাংলাদেশের নারী অধিকার আন্দোলনের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়ের স্মারক। ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশের একটি টহল দলের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়। তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পুলিশের গাড়িতে তোলা হয়েছিল। পরে তার মরদেহ সড়কের পাশে পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে তীব্র গণআন্দোলন ছড়িয়ে পড়ে এবং পুলিশের গুলিতে সাতজন নিহত হন। পরবর্তী সময়ে ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধের প্রতীকী দিনে পরিণত হয়।

ইয়াসমিন হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত হয়েছিল। ১৯৯৭ সালে রংপুরের বিশেষ আদালত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন এবং ২০০৪ সালে তাদের দণ্ড কার্যকর হয়। কিন্তু তিন দশকের বেশি সময় পরও ইয়াসমিনের ঘটনা যে প্রশ্ন সামনে এনেছিল নারী ও কন্যাশিশু কতটা নিরাপদ তার সন্তোষজনক উত্তর মেলেনি। বরং সাম্প্রতিক পরিসংখ্যান যৌন সহিংসতার আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০২৫ সালে দেশে অন্তত ৭৪৯টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল। এর মধ্যে ৫৬৯টি একক এবং ১৮০টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। গত পাঁচ বছরে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন দুই শতাধিক নারী ও শিশু। তবে মানবাধিকার সংগঠনগুলোর এসব পরিসংখ্যান মূলত সংবাদমাধ্যমে প্রকাশিত ও তাদের কাছে আসা ঘটনার ভিত্তিতে তৈরি হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বিশেষ করে যেসব ঘটনা মামলা বা সংবাদমাধ্যম পর্যন্ত পৌঁছায় না।

বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক তথ্যও পরিস্থিতির গভীরতা নির্দেশ করছে। সংগঠনটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম সাত মাসে দেশে ২৫৮ নারী ও ৮৩ কন্যাশিশুসহ মোট ৩৪১ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। তাদের উপস্থাপিত পরিসংখ্যানে ৬৩টি ঘটনা ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।

শুধু বছরের প্রথম পাঁচ মাসেই মহিলা পরিষদের হিসাবে ১ হাজার ৩৫ নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন। ওই সময় ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ এবং অন্তত ১৮ জন ধর্ষণের পর হত্যার শিকার হওয়ার তথ্য পাওয়া যায়। একই সময়ে ৫৩ জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার ঘটনাও নথিভুক্ত হয়েছিল।

সাম্প্রতিক কয়েকটি নৃশংস ঘটনা এই পরিসংখ্যানের পেছনে থাকা মানবিক বিপর্যয়কেও সামনে এনেছে। মাদারীপুরের শিবচরে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই নারীর এক বছর বয়সী শিশুসন্তানকেও আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় ধর্ষণের পর পরিচয় গোপন করা, অপরাধের আলামত নষ্ট করা কিংবা ভুক্তভোগী যাতে সাক্ষ্য দিতে না পারেন এমন উদ্দেশ্য হত্যাকাণ্ডের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে মানবাধিকারকর্মীরা মনে করেন।

নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার পেছনে একক কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সমাজে ক্রমবর্ধমান অস্থিরতা, মাদকের বিস্তার এবং অপরাধের কার্যকর বিচার না হওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন। তার বক্তব্যে নৃশংসতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ঘটনা নিয়ে কাজ করা মানবাধিকারকর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর প্রধান নির্বাহী জিনাত আরা হক বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে বড় প্রতিবন্ধক হিসেবে দেখছেন। তার মতে, নারী ও শিশু নির্যাতনের মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে মামলা উচ্চ আদালতে যাওয়ার পর সাধারণ ভুক্তভোগী পরিবারের পক্ষে দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালও আইন থাকার পাশাপাশি তার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন। ধর্ষণের অভিযোগ প্রমাণের প্রক্রিয়ায় পুলিশ, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ ও বিচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা না থাকলে ভুক্তভোগীর বিচার পাওয়ার পথ কঠিন হয়ে যায়। এর সঙ্গে সামাজিকভাবে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং অভিযুক্ত ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক প্রভাব যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আইন বিশেষজ্ঞদের মতে, যৌন সহিংসতার মামলায় ঘটনার পর প্রথম কয়েক ঘণ্টা ও দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ দ্রুত নথিভুক্ত করা, সময়মতো মেডিক্যাল পরীক্ষা, ডিএনএসহ ফরেনসিক আলামত যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে মামলার প্রমাণভিত্তি শক্তিশালী হয়। শিশু ভুক্তভোগীদের ক্ষেত্রে বয়সোপযোগী ও শিশুবান্ধব পরিবেশে সাক্ষ্য ও জিজ্ঞাসাবাদের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

প্রতিরোধের ক্ষেত্রেও পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিশুদের বয়স অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা, নিরাপদ ও অনিরাপদ স্পর্শ, যৌন হয়রানি শনাক্ত করা এবং বিপদের ক্ষেত্রে কোথায় সহায়তা চাইতে হবে এসব বিষয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে ‘পারিবারিক সম্মান’ বা সামাজিক মর্যাদা রক্ষার অজুহাতে নির্যাতনের অভিযোগ গোপন করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ রয়েছে।

ইয়াসমিন হত্যার ৩১ বছর পর তাই ২৪ আগস্ট কেবল একটি মর্মান্তিক ঘটনার স্মরণদিবস নয়; দিনটি রাষ্ট্র ও সমাজের সামনে জবাবদিহির প্রশ্নও তুলে ধরে। ইয়াসমিন হত্যায় দোষীদের সর্বোচ্চ সাজা কার্যকর হয়েছিল, কিন্তু নারী ও শিশুর বিরুদ্ধে যৌন সহিংসতার ধারাবাহিকতা দেখাচ্ছে কেবল কঠোর আইন বা শাস্তির বিধান যথেষ্ট নয়। অপরাধ প্রতিরোধ, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ফরেনসিক সক্ষমতা, সাক্ষী ও ভুক্তভোগীর সুরক্ষা, সময়োপযোগী বিচার এবং নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবগুলো ক্ষেত্রেই সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

-রফিক


সরকারের ভুল নীতি ও সিন্ডিকেটের খেসারত দিচ্ছে নিম্নবিত্ত:  নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৬ ২১:৩৩:২৯
সরকারের ভুল নীতি ও সিন্ডিকেটের খেসারত দিচ্ছে নিম্নবিত্ত:  নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

‘একটা ডিম ১৫ টাকা’—এই চার শব্দের বাক্যটিই এখন দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে চরম আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রোটিনের মূল ভরসা ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধির জন্য সরকারের ভুল নীতি, মেগা বাজেট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক চাঁদাবাজিকে সরাসরি দায়ী করেন তিনি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, হলে থাকা ছাত্র বা নিম্ন আয়ের ব্যাচেলরদের মূল 'লাইফলাইন' ডিমের হালি এখন ৫৫ থেকে ৬০ টাকায় ঠেকেছে। কেবল ডিমই নয়; চাল, আটা, তেল, চিনি, সবজি ও ব্রয়লার মুরগিসহ প্রতিটি মৌলিক খাবারের দর লাফিয়ে বাড়ায় মেহনতী মানুষের বেঁচে থাকার মৌলিক খরচ নাগালের বাইরে চলে গেছে।

নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করে এনসিপির আহ্বায়ক লেখেন—প্রথমত, নির্বাচনের আগে বিএনপির শীর্ষনেতা তারেক রহমান মেগা প্রজেক্টের দুর্নীতি নিয়ে কথা বললেও ক্ষমতায় এসে সরকার মেগা প্রজেক্ট ও ফ্যামিলি কার্ডের অজুহাতে প্রায় ২০ শতাংশ বড় বাজেট তৈরি করেছে। ধনীদের কর ফাঁকি বন্ধ না করে ভ্যাট ও ঋণ বাড়ানোয় মূল্যস্ফীতি চড়েছে। দ্বিতীয়ত, সরকার হুট করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর ফলে উৎপাদন, সেচ ও পরিবহন খরচ বেড়েই চলেছে, যার চূড়ান্ত বোঝা বইতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। এবং তৃতীয়ত, ব্যবসায়িক সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির কারণে উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ বেশি দামে জনগণকে পণ্য কিনতে হচ্ছে।

সরকারের বিদ্যমান নীতির তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাচনী ইশতেহার ও ছায়া বাজেটে ধনীদের কর ফাঁকি বন্ধ করে নিত্যপণ্যে ভ্যাট কমানো এবং জ্বালানিতে ভর্তুকি দেওয়ার বিকল্প নীতি দেখানো হলেও সরকার তা গ্রহণ করেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বা মেগা প্রজেক্টের ফিতা কেটে রাজনৈতিক ফুটেজ পাবেন, মন্ত্রী-এমপিদের পরিবার কমিশনে ভাগ বসাবে আর সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাবে; অন্যদিকে দেশের কোটি মা আজ রাতে ১৫ টাকার একটা ডিম ভেজে কয়েক ভাগ করে সন্তানদের পাতে তুলে দিতে বাধ্য হবেন।

/আশিক


সংবিধানের অনুচ্ছেদ ১৪২ ও তত্ত্বাবধায়ক কাঠামো নিয়ে সরকারের নয়া ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৬ ২১:১৪:৫০
সংবিধানের অনুচ্ছেদ ১৪২ ও তত্ত্বাবধায়ক কাঠামো নিয়ে সরকারের নয়া ঘোষণা
ছবি : সংগৃহীত

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যেন একক সিদ্ধান্তে এই বিধান সংশোধন বা বাতিল করতে না পারে, সেজন্য গণভোটের বাধ্যবাধকতা ফিরিয়ে আনার রূপরেখা দিয়েছে সরকার। প্রস্তাবিত সংবিধান সংশোধনীতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ ১৪২-এর গণভোটের বিধান এবং তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত অনুচ্ছেদগুলো স্থায়ীভাবে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বেআইনিভাবে অনুচ্ছেদ ১৪২ থেকে গণভোটের বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে পঞ্চদশ সংশোধনীর মূল অংশগুলো অসাংবিধানিক ঘোষিত হওয়ায় আইনের ‘ডকট্রিন অব ইক্লিপস’ (Doctrine of Eclipse) নীতি অনুযায়ী বাদ পড়া বিধানগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত হয়েছে। তবে বিচার বিভাগের রায়ের ভিত্তিতে যেকোনো আইনি অস্পষ্টতা কাটাতে আসন্ন সাংবিধানিক সংশোধনীতেই গণভোটের ধারা আনুষ্ঠানিকভাবে সংবিধানে পুনরায় ধারণ ও স্থায়ী করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং অনুচ্ছেদ ৪৮ ও ৫৬-এর অধীনে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর ওপর আনা প্রস্তাবিত পরিবর্তনগুলোতে জনগণের প্রত্যক্ষ সম্মতির প্রয়োজন রয়েছে। সংবিধানের অনাগত ভবিষ্যতে এই গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে এবং রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে যেকোনো বড় পরিবর্তন সাধনে জনগণের দ্বারস্থ হওয়া বা গণভোটের বিধান থাকা বাধ্যতামূলক থাকবে।

/আশিক


অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের সাথে মীমাংসা অসম্ভব: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৬ ২০:০০:২০
অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের সাথে মীমাংসা অসম্ভব: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা বা ‘রেকনসিলিয়েশন’-এর প্রস্তাবে বিএনপি সরকারের পক্ষে সাড়া দেওয়া অত্যন্ত কঠিন বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যেকোনো রাজনৈতিক জাতীয় মীমাংসা প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দলের যে ন্যূনতম অপরাধের স্বীকৃতি, অনুতাপ ও সদিচ্ছা থাকা প্রয়োজন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও দলটির শীর্ষ নেতৃত্বের মনোভাবের মধ্যে তার বিন্দুমাত্র প্রতিফলন নেই।

মঙ্গলবার (০৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিবিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সরকারের এই কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান উল্লেখ করেন, পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের একটি বিরাট জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত রাখার স্বার্থে রাজনৈতিক মীমাংসা একটি ইতিবাচক ধারণা হতে পারত। দক্ষিণ আফ্রিকার 'ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন'-এর উদাহরণ টেনে তিনি বলেন, যেকোনো সার্বজনীন জাতীয় মীমাংসার মৌলিক শর্ত হলো অপরাধের স্পষ্ট স্বীকৃতি দেওয়া ও অনুসূচনা প্রকাশ করা। কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তাঁর দলের শীর্ষ নেতারা ভুল স্বীকার বা অনুশোচনার বদলে প্রতিনিয়ত দেশের মানুষ ও সরকারকে হুমকি দিয়ে যাচ্ছেন, যা মীমাংসার পথকে রুদ্ধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের জারি করা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বর্তমান নির্বাচিত বিএনপি সরকারও বহাল রেখেছে। এমতাবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে অনুশোচনা না আসলে সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব বিবেচনা করা সম্ভব নয়। যারা মধ্যস্থতা করতে চান, তাদের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে গিয়ে অনুশোচনা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

/আশিক


ভারতের সাথে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, সিদ্ধান্ত নেবে ঢাকা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৫ ২১:৫৪:৩৯
ভারতের সাথে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, সিদ্ধান্ত নেবে ঢাকা
ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরে ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদী মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ চুক্তি নবায়ন নাকি নতুন কোনো চুক্তি করা হবে—এ প্রসঙ্গে ভারতের সাথে ভবিষ্যৎ পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষাকেই মূল অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর সমাপনী দিনে আমন্ত্রিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, দ্বিপক্ষীয় আলোচনা বা নতুন চুক্তির ক্ষেত্রে দেশের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করাই ঢাকার একমাত্র লক্ষ্য। ভবিষ্যৎ চুক্তিতে কোনো সুনির্দিষ্ট 'গ্যারান্টি ক্লজ' বা নিশ্চয়তা ধারা অন্তর্ভুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, জাতীয় স্বার্থের অনুকূলে যা প্রয়োজন, সরকার সেটাই করবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান সংলাপ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে নিয়মিত আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে শীর্ষপর্যায়ের সফর ও সংলাপের জন্য কূটনৈতিকভাবে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হলেই কেবল শীর্ষ সংলাপ সম্ভব, যার জন্য সরকারি পর্যায়ের যৌথ আলোচনার কাজ চলমান রয়েছে। দ্বিপক্ষীয় এসব সংবেদনশীল ইস্যু হুট করে নির্দিষ্ট তারিখ ঘোষণা করে রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নতুন দিল্লি সফর ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে গুরুত্বারোপ করে হুমায়ুন কবির বলেন, সরকার প্রধানের উচ্চপর্যায়ের কোনো সফর চূড়ান্ত হলে তার প্রাতিষ্ঠানিক তথ্য ঢাকা থেকেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে; কোনো বিদেশি সূত্রের ওপর নির্ভর করা সমীচীন নয়।

/আশিক


প্রথম আরব স্বীকৃতিদানকারী দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের নতুন উদ্যোগ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৫ ২১:৩৪:৩০
প্রথম আরব স্বীকৃতিদানকারী দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের নতুন উদ্যোগ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে উত্তর আফ্রিকার দেশটিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নিয়োগের জন্য আলজেরিয়াকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিপক্ষীয় এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, মানবপাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা এবং দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত যৌথ প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন এবং আইনি সহায়তা আদান-প্রদানের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি এবং সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। তিনি দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক এই বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাণিজ্য ও জনশক্তি রপ্তানির ক্ষেত্র প্রসারের আহ্বান জানান।

আলোচনাকালে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতা নিরসনে নিয়মানুগ প্রক্রিয়ায় আদালতে আবেদনের পরামর্শ দেন মন্ত্রী এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সুবিধাজনক কূটনৈতিক তারিখে এই সফর আয়োজনের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উক্ত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/আশিক


৫২ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মাননা পেলেন গাইবান্ধার 'এক টাকার শিক্ষক' লুৎফুর রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৫ ১৯:৩০:৪৯
৫২ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মাননা পেলেন গাইবান্ধার 'এক টাকার শিক্ষক' লুৎফুর রহমান
ছবি : সংগৃহীত

সুদীর্ঘ ৫২ বছর ধরে মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান করে আসা গাইবান্ধার প্রখ্যাত শিক্ষাব্রতী লুৎফুর রহমানকে বিশেষ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সাথে তাঁকে এই বিরল সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে অর্থের অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন লুৎফুর রহমান। কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে নিযুক্ত না থেকেও টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পড়িয়ে গাইবান্ধায় তিনি ‘এক টাকার শিক্ষক’ হিসেবে সর্বজনীন পরিচিতি লাভ করেন। শিক্ষাবিদদের মতে, তাঁর এই সুদীর্ঘ অবদান দেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষাব্রতীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে লুৎফুর রহমান ছাড়াও ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় অবদান রাখা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকে সম্মাননা জানানো হয়। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশলসহ মোট ১০২ জন গুণী শিক্ষককে এবার বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে এই স্মারক দেওয়া হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ।

/আশিক


প্রযুক্তিমুখী শ্রেণিকক্ষ ও শিক্ষকদের সম্মানি নিয়ে সরকার প্রধানের বড় ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৫ ১৮:৪৬:০৫
প্রযুক্তিমুখী শ্রেণিকক্ষ ও শিক্ষকদের সম্মানি নিয়ে সরকার প্রধানের বড় ঘোষণা
ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চলতি অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রূপকল্পের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে শিক্ষা বাজেটের এই পরিধি ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে যে, চলতি বছর থেকেই দেশের ছাত্র-ছাত্রীরা যুগোপযোগী নতুন সিলেবাস ও আধুনিক পাঠ্যপুস্তক হাতে পেতে যাচ্ছে। সর্বজনীন শিক্ষা কাঠামোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার এমন এক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সামাজিক বা আর্থিক কোনো ব্যবধানের কারণে একটি শিশুও যেন শিক্ষাবঞ্চিত না হয়। এ ছাড়া বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক জ্ঞানকে অপরিহার্য বলে তিনি জোর প্রদান করেন।

প্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, প্রযুক্তি কখনো শিক্ষকের স্থলাভিষিক্ত বা বিকল্প হতে পারে না; বরং শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তিকে শক্তিশালী সহায়ক হিসেবে দেখতে চায় সরকার। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিতভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি নতুন কারিকুলাম ও শিখন কৌশলে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ‘আনন্দময় শিক্ষা পরিবেশ’ গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে দেশের টিচার্স ট্রেনিং কলেজগুলোকে দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। শিক্ষকতা পেশা সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করতে গিয়ে তিনি স্পষ্ট জানান, শিক্ষকতাকে অন্য কোনো পেশার সুযোগ না পেয়ে গ্রহণ করা ‘উপায়হীন বিকল্প পেশা’ হিসেবে দেখার সুযোগ নেই। দেশের শীর্ষ মেধাবীরা যাতে শিক্ষকতাকে নিজেদের পছন্দের প্রথম সারিতে স্থান দিতে পারেন, সেভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজানো হচ্ছে এবং শিক্ষকদের সম্পূর্ণ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

/আশিক


প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৪ ১৯:০৮:২৯
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারত সরকারের প্রত্যক্ষ রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, বিচার প্রক্রিয়া তরান্বিত করতে ভারত সরকার এই প্রত্যর্পণ দ্রুততম সময়ে সম্পন্ন করার দিকে নজর দেবে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক সৌজন্য আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের সাম্প্রতিক কূটনৈতিক ও আইনি পদক্ষেপের বিষয়ে এসব কথা বলেন।

সাংবাদিকদের সাথে আলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও অভিযুক্তদের ফেরত আনার জন্য দুদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে কেবল আইনি মারপ্যাঁচ বা দীর্ঘসূত্রী প্রক্রিয়ার ওপর নির্ভর না করে এই আইনি ব্যবস্থার সফল বাস্তবায়নে নয়াদিল্লির ইতিবাচক রাজনৈতিক ইচ্ছাও অত্যন্ত জরুরি।

দ্বিপক্ষীয় চুক্তি প্রয়োগ করে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সাথে নিশ্চিত করেন যে, সুনির্দিষ্ট চুক্তি ও আইনি কাঠামোর আওতায় যেকোনো আসামিকে ফেরত আনা সম্ভব এবং বাংলাদেশ সরকার সেই পথেই দৃঢ়ভাবে এগোচ্ছে।

প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিশ্ব সফরের ব্যস্ততার চিত্র তুলে ধরে শামা ওবায়েদ জানান, বিগত ছয় মাসে সরকারপ্রধান অত্যন্ত ঘনঘটাপূর্ণ সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়াতে সফর সম্পন্ন করার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও তিনি সুনির্দিষ্ট ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় দেশের স্বার্থ তুলে ধরে দেশে ফিরেছেন।

/আশিক


প্রতিটি জেলা ও সিটি কর্পোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ অক্টোবর ০৪ ১৮:৪৪:২৬
প্রতিটি জেলা ও সিটি কর্পোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

পরিকল্পিত নগরায়ণ এবং জলবায়ু-সহনশীল, নিরাপদ ও টেকসই নগর অবকাঠামো গড়ে তোলার প্রত্যয়ে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় সমন্বিত 'মাস্টারপ্ল্যান' প্রণয়নের বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সকল নাগরিকের জন্য পর্যাপ্ত, পরিবেশসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি টেকসই সুষম নগর উন্নয়নই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই দীর্ঘমেয়াদি নীতির কথা আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেন। ১৯৮৬ সাল থেকে প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রত্যয় নিয়ে জাতিসংঘ ঘোষিত ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং দিন দিন বাড়তে থাকা আবাসন চাহিদার নিরিখে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলো দ্রুত সম্প্রসারিত হলেও অপরিকল্পিত নগরায়ণ, যানজট, পরিবেশ দূষণ, নাগরিক সেবার ঘাটতি ও জলবায়ুজনিত অভিবাসনের ফলে যেসব জটিল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে—তা নিরসনে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদার করার রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কাজ চলছে, যা জাতিসংঘ নির্ধারিত 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১' অর্জনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, সরকারের দৃষ্টিতে 'সবার জন্য বাসস্থান' কেবল একটি ঘরের সংস্থান নয়; বরং নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও নাগরিক সুবিধার সমন্বিত অধিকার।

বিশেষ করে নিম্ন আয়ের পরিবার ও বস্তিবাসীদের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ, বস্তিবাসী মানুষের নিজস্ব আবাসনের মালিকানা লাভের সুযোগ সৃষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ওপর গুরুত্বারোপ করেন তিনি। টেকসই ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠনে বেসরকারি বিনিয়োগকারী, এনজিও ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস ২০২৬-এর সাফল্য কামনা করেন।

/আশিক

পাঠকের মতামত: