লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, বিজিবির কঠোরতায় ব্যাকফুটে ভারত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২১ ১৮:৩৩:৫১
লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, বিজিবির কঠোরতায় ব্যাকফুটে ভারত
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আন্তর্জাতিক সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বিতর্কিত এলাকায় জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সময়োচিত জোরালো বাধা ও কঠোর অবস্থানের মুখে সেই নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ। পর পর দুদিন ধরে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বর্তমানে তীব্র থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ জুলাই ২০২৬) ও মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) টানা দুই দফায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঞ্চশীলবাড়ী ও প্রধানবাড়ী খেঁটি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের এই অপচেষ্টা চালায় বিএসএফ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার হাড়িকামাতা সীমান্তের ঠিক বিপরীতে বাংলাদেশ অংশে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রায় ৫০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে সিমেন্টের স্থায়ী খুঁটি স্থাপনের কাজ শুরু করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের সদস্যরা।

সীমান্তে বিএসএফের এই অনিয়মের বিষয়টি জানতে পেরে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঞ্চশীলবাড়ী বিজিবি ক্যাম্পের একটি চৌকস টহল দল অনতিবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফকে নির্মাণকাজে সরাসরি বাধা প্রদান করে। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তবে বিজিবির অটল ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা তাদের আনা নির্মাণসামগ্রী ও ভারতীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে ব্যাকফুটে গিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।

প্রথম দিনের ব্যর্থতার পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে একই সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী খেঁটি এলাকায় আবারও নতুন করে বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এবারও খবর পাওয়া মাত্রই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে রুখে দিলে উভয় বাহিনীর সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থানে (Face-off) চলে যায়, যা সীমান্তে সাময়িক উদ্বেগ বাড়ায়।

পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি প্রশমিত করতে মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে আন্তর্জাতিক সীমান্তের ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি ভিত্তিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পক্ষে পানিশালা বিএসএফ কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায় নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

উচ্চপর্যায়ের এই পতাকা বৈঠকে বিজিবির প্রতিনিধি দল আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে এ ধরনের একতরফা বেড়া নির্মাণ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, কোনো অবস্থাতেই সীমান্তে অবৈধভাবে নতুন বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না। পরবর্তীতে বিজিবির জোরালো যুক্তির মুখে বিএসএফ নতিস্বীকার করে এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যৌথ নির্দেশ ও সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাবতীয় নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণে স্বাক্ষর করে।

সীমান্তের সীমান্তবর্তী সাধারণ স্থানীয়দের দাবি, দুই দিনের ঘটনার পর থেকে শ্রীরামপুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ—উভয় পক্ষই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সীমান্তজুড়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় বাহিনীই তাদের অতিরিক্ত জোয়ান মোতায়েন করে সীমান্ত টহল জোরদার করেছে।

ঘটনার বিষয়ে সার্বিক জানতে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক দুর্দান্ত অফিসার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে এক সংবাদ বার্তায় বিষয়টি পরিষ্কার করা হয়। বার্তায় তিনি নিশ্চিত করেন, ২০ ও ২১ জুলাই আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত পুরনো বাঁশের খুঁটিগুলো সরিয়ে বিএসএফ সদস্যরা নতুন করে স্থায়ী সিমেন্টের খুঁটি স্থাপনের অবৈধ উদ্যোগ নেয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ ও বাধায় বিএসএফ সদস্যরা পিছু হটতে এবং কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

/আশিক


রাতে রাজধানীর আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ২১:৪৪:৪২
রাতে রাজধানীর আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সন্ধ্যা পর্যন্ত বিগত ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

/আশিক


দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ২১:১৪:১৬
দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন
ছবি : মোঃ মাসুদ রানা

​কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন। মোঃ শাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, আব্দুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, মোঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মোঃ শাহীন হাসান, মোঃ সাদেকুর রহমান খন্দকার এবং পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজালাল রোশন।

​শিক্ষার্থীদের পক্ষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসাঃ রাইসুল আক্তার এবং অভিভাবকদের পক্ষ থেকে পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক মোঃ কবির হোসেন অনুভূতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৬ জন শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, আহত মা-ভাই

সাদ্দাম উদ্দিন রাজ
সাদ্দাম উদ্দিন রাজ
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ২১:০৯:১০
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, আহত মা-ভাই

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক পিতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৮:২১:৩৪
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

নোয়াখালী জেলাকে বিভাগে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। মিছিলটি শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল।

‘চকবাজার স্টাফ সমিতি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। গুরুত্বপূর্ণ সড়কটিতে বিক্ষোভের কারণে শাহবাগ ও আশপাশের তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

/আশিক


মামলার ৮ দিন পর মাদরাসায় অভিযান,  কেন হয়নি কেউ গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১০:০৮:১৬
মামলার ৮ দিন পর মাদরাসায় অভিযান,  কেন হয়নি কেউ গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সাভারের একটি মাদরাসায় সাত বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে কয়েক মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হওয়ার আট দিন পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পূর্ব শাহীবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসায় প্রায় এক ঘণ্টা অভিযান চালানো হলেও মামলায় নাম থাকা ১০ আসামির কাউকেই গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে, অভিযুক্তরা পলাতক এবং তাদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুস সবুর। পুলিশের দুটি দল মাদরাসার বিভিন্ন অংশে গিয়ে সেখানে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। মামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের নথিপত্রও যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তবে মাদরাসায় উপস্থিত ব্যক্তিরা পুলিশকে জানান, মামলায় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে নেই।

অভিযান শেষে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বিস্তারিত মন্তব্য না করে জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন। পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ভুক্তভোগীর পরিবার প্রথমে থানায় অভিযোগ করতে আসেনি; আদালতের দ্বারস্থ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী সাভার মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

পুলিশের দাবি, মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে একাধিক সূত্রে তথ্য সংগ্রহ শুরু হয় এবং তাদের গ্রেপ্তারে অভিযানও চালানো হয়েছে। বৃহস্পতিবার মাদরাসায় অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তরা পলাতক থাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

তবে পুলিশের এই বক্তব্যে সন্তুষ্ট নন ভুক্তভোগী শিশুটির বাবা। কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, তার সাত বছর বয়সী সন্তান প্রায় ছয় মাস ধরে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর যৌন নির্যাতনের শিকার হয়েছে। তার দাবি, বিষয়টি জানার পর তিনি মাদরাসার মোহতামিম জিয়া বিন কাশেমের কাছে অভিযোগ করেছিলেন; কিন্তু অভিযুক্তদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ না করে তাদের চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তাকে বিষয়টি নিয়ে নীরব থাকতে বলা এবং পরবর্তী সময়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন তিনি। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত নয়।

শিশুটির বাবা পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন। তার ভাষ্য, মামলা হওয়ার পরপর অভিযান চালানো হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হতো। তিনি আরও দাবি করেন, পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল মামলার একজন আসামির ধর্মীয় পরিচিতি ও সংশ্লিষ্টতার কারণে মাদরাসায় অভিযান চালালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে এই বক্তব্যের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশও অভিযোগটির বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি। ফলে এটিকে বাদীর অভিযোগ হিসেবেই বিবেচনা করা প্রয়োজন।

মাদরাসা কর্তৃপক্ষ অবশ্য ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও হিসাবরক্ষক লোকমানের দাবি, অভিযোগ প্রকাশ্যে আসার আগে শিশুটির বাবা মাদরাসায় গিয়ে উত্তেজিত আচরণ করেছিলেন এবং তার কাছে দেশীয় অস্ত্র ছিল। তিনি অভিযুক্তদের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন লোকমান। তার ভাষ্য অনুযায়ী, এতে ভয় পেয়ে অভিযোগের মুখে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা ওই দিনই প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। ভুক্তভোগীর বাবার বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষের এই পাল্টা অভিযোগেরও স্বাধীন যাচাই পাওয়া যায়নি।

লোকমান আরও দাবি করেন, মাদরাসার প্রধান শুরু থেকেই অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কোনো শিক্ষক বা শিক্ষার্থী অপরাধ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হলে শাস্তির আওতায় আনার বিষয়ে তাদের আপত্তি নেই। একই সঙ্গে মামলায় অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীর বয়স খুব কম হওয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগও যথাযথভাবে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

মাদরাসার কয়েকজন শিক্ষার্থীও অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেছেন। তবে একই সঙ্গে নির্দোষ কোনো শিক্ষক বা শিক্ষার্থী যেন অভিযোগের কারণে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, মামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছর বা তার কম। ফলে অভিযুক্ত অপ্রাপ্তবয়স্কদের পরিচয়, অধিকার ও বিচারিক প্রক্রিয়ায় শিশু-সংবেদনশীলতা বজায় রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মামলার নথি ও শিশুটির বাবার বক্তব্য অনুযায়ী, সাত বছর বয়সী শিশুটি মাদরাসাটিতে আবাসিকভাবে পড়াশোনা করত। সম্প্রতি বাড়ি ফেরার পর তার আচরণে পরিবর্তন দেখা যায় এবং সে মাদরাসায় ফিরে যেতে অনীহা প্রকাশ করে। পরে অন্য এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে মাদরাসায় শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ থাকার কথা জানতে পারেন বাবা। এরপর সন্তানকে জিজ্ঞাসা করলে গত ১৪ আগস্ট সে পরিবারের কাছে নির্যাতনের কথা জানায় বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীর অভিযোগ, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে তার সন্তান যৌন নির্যাতনের শিকার হয়। এরপর বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ প্রকাশ না করার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে প্রথমে পরিচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে ১৮ আগস্ট তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই দিনই শিশুটিকে সেখানে ভর্তি করা হয় এবং চার দিন চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তী সময়ে একজন আইনজীবীর সহায়তায় শিশুটির বাবা আদালতের শরণাপন্ন হন। আদালত শিশুটির জবানবন্দি গ্রহণের পর সাভার মডেল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশের ভিত্তিতে ২৬ আগস্ট থানায় মামলা রুজু করা হয়।

মামলায় মোট পাঁচ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিসহ ১০ জনকে আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে পাঁচ শিক্ষার্থী ও একজন শিক্ষকের বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অন্য চারজনের বিরুদ্ধে অপরাধে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। তবে তদন্ত ও বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগ প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচিত হবে না।

-রফিক


লঘুচাপের প্রভাব: দেশজুড়ে আবহাওয়ার নতুন বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০২ ২১:৪৮:৩৮
লঘুচাপের প্রভাব: দেশজুড়ে আবহাওয়ার নতুন বার্তা
ছবি : সংগৃহীত

লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আটটি বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং অন্যান্য অংশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি ছয় বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইভাবে শনিবার (৫ সেপ্টেম্বর) ও রবিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এবং দেশের অন্যান্য বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই পাঁচ দিনের বর্ধিত সময়ের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

/আশিক


দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০১ ২১:১৬:৪৮
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি : মোঃ মাসুদ রানা

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়।

​পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিনের ও সদস্য সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী।

​ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, "দেশের অখণ্ডতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে পুরো জাতিকে এক সুতোয় গেঁথেছিলেন।"

​তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনার কথা উল্লেখ করে বলেন, "ফ্যাসিবাদ-মুক্ত নতুন বাংলাদেশে জনগণের ভোটাধিকার রক্ষা ও একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়ে পুনর্গঠনের ধারায় এগিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল বিএনপিকে রাজপথে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।"

​বক্তব্য শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


মধ্যরাত পর্যন্ত ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ০১ ২০:০৪:১৮
মধ্যরাত পর্যন্ত ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি : সংগৃহীত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/আশিক


দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ৩১ ২১:৪৩:২০
দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত
ছবি : সংগৃহীত

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

/আশিক

পাঠকের মতামত: