ভঙ্গুর অর্থনীতি মেরামতের মাঝেই ১ ট্রিলিয়ন ডলারের মেগা লক্ষ্যের ঘোষণা অর্থমন্ত্রীর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৪ ১৮:৪১:৫৫
ভঙ্গুর অর্থনীতি মেরামতের মাঝেই ১ ট্রিলিয়ন ডলারের মেগা লক্ষ্যের ঘোষণা অর্থমন্ত্রীর
ছবি : সংগৃহীত

বাংলাদেশ খুব দ্রুত ১ ট্রিলিয়ন ডলারের এক বিশাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে এই লক্ষ্য অর্জন এখন সময়ের ব্যাপার মাত্র।

শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক করিডোর ও একটি আন্তর্জাতিক লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘‘চট্টগ্রামে সমুদ্রবন্দরের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও কৌশলগত অবস্থান রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে নদীর ওপারে আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি চট্টগ্রামে একযোগে কয়েকটি নতুন বন্দর নির্মাণ করা হবে।’’ একই সাথে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে রূপান্তর এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে লাকসাম অংশের উন্নয়নের মাধ্যমে যাতায়াতের সময় আরও দুই ঘণ্টা কমিয়ে আনার রোডম্যাপ এবারের বাজেটে রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামে একটি বিশেষ চাইনিজ ইকোনমিক জোন স্থাপন এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে বড় ধরনের মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘‘এত বড় বাজেট বাস্তবায়ন করা নিশ্চিতভাবেই একটি কঠিন কাজ। বর্তমান সরকার বিগত সরকারের কাছ থেকে একটি সম্পূর্ণ ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যার সাথে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাবও যুক্ত হয়েছে। আমাদের প্রথম কাজ হলো এই ভঙ্গুর অবস্থা থেকে বের হয়ে অর্থনীতিকে স্থিতিশীল করা। সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে দেশে প্রকৃত সমৃদ্ধির ধারা শুরু হবে এবং অর্থনীতি পুরোদমে ঘুরে দাঁড়াবে।’’

শাহ আমানত বিমানবন্দরে অর্থমন্ত্রীর আগমন উপলক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আশিক


বিআরটিসির ‘পিংক বাসে’ এবার স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৮ ১৯:৪১:৫৮
বিআরটিসির ‘পিংক বাসে’ এবার স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট
ছবি : সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাসে’ পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট সেবা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে চলন্ত বাসে এই স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সফলভাবে প্রদর্শন করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের হাই-পারফরম্যান্স ডিভাইস ব্যবহার করে এই সংযোগ স্থাপন ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করছে।

বিএসসিএল জানিয়েছে, চলন্ত গণপরিবহনে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং ভবিষ্যতে দেশের পরিবহন খাতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারের কার্যকারিতা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

/আশিক


ফ্যাসিবাদমুক্ত দেশে এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৮ ১৮:১৯:১২
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সমগ্র দেশের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এনবিআরের সার্বিক সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সময়ে দলীয় স্বার্থ, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের কারণে প্রশ্নবিদ্ধ হওয়া এনবিআরকে এখন জনগণের আস্থাভাজন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, করের বোঝা কেবল বিদ্যমান করদাতাদের ওপর না চাপিয়ে করযোগ্য নতুন ব্যক্তিদের শনাক্ত করে করের আওতা বাড়ানো প্রয়োজন। আধুনিক ও ডাটাভিত্তিক কর প্রশাসন গঠনের মাধ্যমে কর আদায় পদ্ধতিকে হয়রানিমুক্ত ও সহজ করতে হবে, যাতে নাগরিকরা স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত হন। এছাড়া বিশ্ব অর্থনীতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কর্মকর্তাদের ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, এআই এবং মানি লন্ডারিং প্রতিরোধের মতো আধুনিক বিষয়ে বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশ নেন এবং এনবিআরের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

/আশিক


বাণিজ্য বাধা দূর করতে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ২১:৩৮:৪৩
বাণিজ্য বাধা দূর করতে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল
ছবি : সংগৃহীত

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যমান শুল্ক ও বন্দরসংক্রান্ত বাধা নিরসনের লক্ষ্য নিয়ে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি রাজধানী ঢাকায় এসে পৌঁছায়।

সিআইআই-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে এই প্রতিনিধিদলে ভারত বায়োটেক, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ফোর্বস মার্শাল ও অ্যাপোলো হসপিটালসের মতো শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ নির্বাহীরা রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরসহ সরকারের শীর্ষ নীতি-নির্ধারক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করবে। এছাড়া মঙ্গলবার দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সাথে তাঁদের একটি যৌথ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত দুই বছরে বন্দরসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিপাক্ষিক বাণিজ্য গতিশীল করতে এই সফরকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

/আশিক


২০২৮-২৯ থেকে নতুন অর্থবছর: ৯ মাসের অন্তর্বর্তী বাজেট ২০২৭-২৮ অর্থবছরে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ২১:৩৪:৪৯
২০২৮-২৯ থেকে নতুন অর্থবছর: ৯ মাসের অন্তর্বর্তী বাজেট ২০২৭-২৮ অর্থবছরে
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থবছরের বিদ্যমান সময়কাল (১ জুলাই থেকে ৩০ জুন) পরিবর্তন করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিবর্তন বাস্তবায়নের জন্য ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকালীন (ট্রানজিশনাল) অর্থবছর হিসেবে গণ্য করা হবে, যার মেয়াদ হবে ৯ মাস (১ জুলাই থেকে ৩১ মার্চ)। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর গণনা শুরু হবে।

সরকার জানিয়েছে, প্রচলিত অর্থবছরের শুরুতে (জুলাই-আগস্ট) বর্ষাকাল থাকায় দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বৃষ্টির কারণে ব্যাহত হয়, কাজের মান খারাপ হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। নতুন সময়সূচি চালু হলে বর্ষা মৌসুম শুরুর আগেই প্রধান প্রধান উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এই রূপান্তর কার্যকর করার লক্ষ্যে সংবিধান ও ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এছাড়া অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), মন্ত্রিপরিষদ বিভাগ ও লেজিসলেটিভ বিভাগের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন এবং সরকারের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতিতে প্রযুক্তিগত হালনাগাদ করা হবে।

/আশিক


বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে ভিসা নীতি: শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ১৮:৩৫:৫১
বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে ভিসা নীতি: শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বিদেশি শিক্ষার্থীদের আগমন সহজতর করতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ পাবেন, যা বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় শিক্ষাকেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেন।

শিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) এবং উচ্চতর গবেষণার ওপর জোর দেন। মন্ত্রী বলেন, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষা ও এআইয়ের ব্যবহার প্রসারিত করতে হবে। কিউএস র‍্যাংকিংয়ে দেশের অবস্থান এগিয়ে নিতে গবেষণার মান বৃদ্ধির পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’ ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার মতো যথেষ্ট সামর্থ্য দেশের রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান ও কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ বক্তব্য দেন।

/আশিক


প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৭ ১৮:১২:৫৫
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর হাতে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি যুবরাজের পক্ষে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সরকারি সফরের এ আমন্ত্রণ পৌঁছে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের সুনির্দিষ্ট সময়সূচি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতার বিষয়ে পরবর্তী সময়ে উভয় দেশের পক্ষ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/আশিক


শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলেও পাবেন না বিলম্ব মার্জনা: ট্রাইব্যুনাল প্রসিকিউশন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৬ ২১:২৫:১২
শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলেও পাবেন না বিলম্ব মার্জনা: ট্রাইব্যুনাল প্রসিকিউশন
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারিক কার্যক্রম সম্পর্কে ‘জানতেন না’ দাবি করে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিলম্ব মার্জনা বা তামাদি মওকুফের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পলাতক ব্যক্তিরা ফিরে এসে সাধারণত বিচার প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞাত থাকার দাবি তুলে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তবে শেখ হাসিনাসহ এই মামলার আসামিরা নিয়মিত বক্তব্য দিচ্ছেন এবং সংবাদমাধ্যমে মামলা ডিফেন্ড করছেন। ফলে কার্যক্রম সম্পর্কে তারা অবগত ছিলেন—তা স্পষ্ট এবং এ কারণে ট্রাইব্যুনালে এসে তাদের বিলম্ব মওকুফ চাওয়ার কোনো আইনি সুযোগ থাকবে না।

মামলার বিচারিক অগ্রগতি প্রসঙ্গে প্রসিকিউটর উল্লেখ করেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর প্রায় এক বছর ধরে আইনসম্মত নিয়ম ও পর্যাপ্ত সময় মেনেই ট্রায়াল পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো বা বিলম্ব কোনোটিই করা হচ্ছে না।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, বাংলাদেশি আদালতের পরোয়ানা বা দণ্ডাদেশ থাকলে আইনগতভাবেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিধান রয়েছে।

/আশিক


জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৬ ২০:২৬:২৮
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোববার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে 'বায়োটেড' (BioTED) ও 'সমরু বায়োসায়েন্স' (Somru BioScience) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর একটি হলো উচ্চমানের কর্মসংস্থান (হাই-অ্যান্ড এমপ্লয়মেন্ট) সৃষ্টি করা। জাতীয় অর্থনীতিতে ওষুধ শিল্পের অবদান আরও বাড়াতে সরকার সম্ভাব্য সব ধরনের নীতিগত সহায়তা দেবে। তবে প্রকৃত প্রবৃদ্ধি অর্জনের আগে এ খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রয়োজনীয় কৌশল প্রণয়ন জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে এবং বিশ্বের ১৬৬টি দেশে তা রপ্তানি হচ্ছে। ২০২৫ অর্থবছরে এই খাত থেকে প্রায় ২১৩ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। বক্তারা মত দেন, জেনেরিক ওষুধের শক্তিশালী ভিত কাজে লাগিয়ে এখন উচ্চমূল্যের বায়োলজিকস, বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনের দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ১১৮টি বায়োলজিকস ওষুধের পেটেন্ট মেয়াদ শেষ হতে চলায় আন্তর্জাতিক বাজারে ২৩২ বিলিয়ন ডলারের বেশি বায়োসিমিলার ওষুধের বাজার উন্মুক্ত হচ্ছে।

বায়োফার্মা খাতের সম্ভাবনা কাজে লাগাতে বৈঠকে ৫ দফা নীতি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বায়োলজিকস ও ভ্যাকসিনের জন্য ১০ বছর মেয়াদী কৌশলপত্র তৈরি, যৌথ গবেষণা অবকাঠামোতে বিনিয়োগ, আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে (R&D) বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং মানসম্মত ওষুধের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ।

/আশিক


নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ১৬ ১৯:৩৩:৫৬
নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত

দেশের নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক (অনার্স) শ্রেণি পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, জেলেদের মাঝে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষাকে উৎসাহিত করতে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত অবৈতনিক করেছিলেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন অসম্ভব বিবেচনায় বর্তমান সরকার নারীদের স্নাতক পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভালো ফলাফলকারী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের প্রায় ১ কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন বইয়ের পাশাপাশি প্রতি বছর বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ প্রসঙ্গে তারেক রহমান জানান, সংসার পরিচালনাকারী নারীদের আর্থিক নিরাপত্তা দিতে প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এদিন কিশোরগঞ্জ জেলায় এর কার্যক্রম উদ্বোধন করা হয়। এছাড়া স্থানীয় নদী ও জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধিতে নেওয়া উদ্যোগের সুফল দেশের মানুষই পাবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।

/আশিক

পাঠকের মতামত: