কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর: কাশিমপুর কারাগার থেকে ফিরলেন ঘরে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৪ ১৬:৫২:৩৮
কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর: কাশিমপুর কারাগার থেকে ফিরলেন ঘরে
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে আসেন। কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন গণমাধ্যমকে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আনিস আলমগীরের জামিন সংক্রান্ত সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দুদক মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা সন্ত্রাসবিরোধী আইন ও দুদকের—উভয় মামলাতেই জামিন নিশ্চিত হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ৫ মার্চ ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। অন্যদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি দুদক তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে, যেটিতেও তিনি এখন জামিনে মুক্ত হলেন।

/আশিক


অধ্যাদেশগুলো যাচ্ছে বিশেষ কমিটিতে: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সংসদের নয়া পরিকল্পনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৪ ১৬:৪২:৪৯
অধ্যাদেশগুলো যাচ্ছে বিশেষ কমিটিতে: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সংসদের নয়া পরিকল্পনা
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন সংসদ অধিবেশনের কার্যকাল, আলোচ্যসূচি এবং কোন কোন নতুন আইন উত্থাপন করা হবে—সেসব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা চলবে, তা-ও নির্ধারিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, আগামী ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ সাময়িকভাবে মুলতবি হবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় সংসদ শুরু হবে এবং পুরো এপ্রিল মাসজুড়ে এই অধিবেশন অব্যাহত থাকবে।

একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেই কমিটি অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দিলে তা সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়টি সংসদীয় বিতর্কে আসার সম্ভাবনা থাকায় এই অধিবেশনটি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

/আশিক


আইনশৃঙ্খলা কমিটিতে এবার ইমাম ও ধর্মগুরুরা; প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৪ ১৬:৩৭:৫৯
আইনশৃঙ্খলা কমিটিতে এবার ইমাম ও ধর্মগুরুরা; প্রধানমন্ত্রীর বড় ঘোষণা
ছবি : সংগৃহীত

ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে প্রতিটি জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় সেবকদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এই বিশেষ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। কৃষকদের সহায়তায় আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এ ছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ১৬ মার্চ থেকে দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি কেউ যদি আর্থ-সামাজিক বা উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চান, তবে সরকার তাঁদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তিনি বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণ সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম পর্যায়ে এই পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধবিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় নেতাকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। সরকার এই কার্যক্রমকে পর্যায়ক্রমে দেশের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

/আশিক


ধর্মীয় সেবকদের জন্য সুখবর: আজ সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৪ ১০:৫৫:১১
ধর্মীয় সেবকদের জন্য সুখবর: আজ সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতি ও উপাসনালায়ের সেবকদের জীবনমান উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় কেবল মসজিদের ইমাম বা মুয়াজ্জিনই নন, বরং মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের সেবক ও পুরোহিতরাও প্রথমবারের মতো সরকারি এই সম্মানী সুবিধার আওতায় আসছেন। মূলত সামাজিক ও ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমটি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সম্মানীর বণ্টন কাঠামো অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম সাহেব পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম পাবেন ২ হাজার টাকা। হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মন্দিরের জন্য নির্ধারিত ৮ হাজার টাকার মধ্যে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। বৌদ্ধ বিহারের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থাৎ ৮ হাজার টাকা বরাদ্দ থাকছে, যার মধ্যে অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা সম্মানী পাবেন। এছাড়া প্রতিটি খ্রিস্টান চার্চের জন্য বরাদ্দ করা ৮ হাজার টাকার মধ্যে যাজক ৫ হাজার এবং সহকারী যাজক ৩ হাজার টাকা করে সরকারি এই সম্মানী সুবিধা ভোগ করবেন।

/আশিক


মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১৭:২০:৫৬
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে মির্জা আব্বাসের জরুরি নিউরো সার্জারির প্রয়োজনীয়তা দেখা দেয়।

তিনি জানান, বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, সকালে তার একটি সিটি স্ক্যান পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতির লক্ষণ দেখতে পান।

পরিস্থিতি গুরুতর বিবেচনায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞরা রোগীর সব চিকিৎসা তথ্য বিশ্লেষণ করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়েছে বলেও জানান ডা. রফিকুল ইসলাম।

গঠিত মেডিকেল বোর্ডে দেশের কয়েকজন খ্যাতিমান নিউরো বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলাম। এছাড়া এভারকেয়ার হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরাও এই চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। সে সময় চিকিৎসকরা তাকে রোগীর অবস্থা ও চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

-রফিক


এভারকেয়ারে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১৫:২৫:৫১
এভারকেয়ারে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সিঙ্গাপুরে চিকিৎসার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সেখানে তাকে ভর্তি করা হবে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করে মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

-রফিক


ঈদের টিকিটে প্রতারণা এড়াতে জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১১:৫০:৫৭
ঈদের টিকিটে প্রতারণা এড়াতে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলে দেশের বড় শহরগুলোতে বসবাসকারী মানুষদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়। রাজধানী ঢাকা কিংবা অন্যান্য মহানগরে কর্মসূত্রে বা শিক্ষার কারণে থাকা লাখো মানুষ পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ির পথে রওনা দেন।

তবে এই আনন্দঘন যাত্রার শুরুতেই অনেক সময় টিকিট সংগ্রহ নিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। প্রতি বছরই দেখা যায়, চাহিদা বেড়ে যাওয়ায় ট্রেন ও বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে এবং এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অসাধু দালাল চক্র।

অনেক যাত্রী অনলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন না। আবার বাস কাউন্টারের আশপাশে দালালদের দৌরাত্ম্যও বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছ থেকে টিকিট কিনে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও প্রায়ই ঘটে।

বিশেষজ্ঞদের মতে, ঈদ উপলক্ষে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। তাই টিকিট কেনার সময় সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ঢ়ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে সরকারি নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম অথবা অনুমোদিত বিক্রয় কাউন্টার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। অপরিচিত ব্যক্তির মাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে।

অনেক সময় একই টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা বা ভুয়া টিকিট সরবরাহ করার মতো প্রতারণার ঘটনা ঘটতে পারে।

টিকিট না পেয়ে অনেকেই অতিরিক্ত মূল্যে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কিনে থাকেন। তবে এতে প্রতারণার সম্ভাবনা যেমন থাকে, তেমনি এটি আইনগতভাবেও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ব্ল্যাক মার্কেটের মাধ্যমে টিকিট কেনাবেচা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঈদের সময় বাস টার্মিনাল ও কাউন্টার এলাকাগুলোতে দালালদের সক্রিয়তা বেড়ে যায়। দ্রুত টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা অনেক সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে সরাসরি নির্ধারিত কাউন্টারের বিক্রয়কর্মীর কাছ থেকেই টিকিট সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

টিকিট সংগ্রহের পর যাত্রার তারিখ, সময়, আসন নম্বর এবং যানবাহনের তথ্য ঠিক আছে কি না তা ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি।

অনলাইনে টিকিট কিনলে এসএমএস বা ই-মেইলে পাঠানো তথ্যের সঙ্গে টিকিটের তথ্য মিলিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অনুমোদিত পরিবহন কোম্পানিগুলো নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেয়। কোনো কাউন্টার যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আগেভাগে পরিকল্পনা করে টিকিট সংগ্রহ করলে অনেক ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব। একই সঙ্গে অপরিচিত উৎস থেকে টিকিট না কিনে নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করলে প্রতারণা থেকেও নিরাপদ থাকা যায়।

-রাফসান


এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১১:৪৫:৪২
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হবে।

বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, রোগী পরিবহনের জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এরপর প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি নেতাদের মতে, বিদেশে বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাওয়ার মাধ্যমে তার সুস্থতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

-রফিক


মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১০:৫২:৫৫
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবার (১৩ মার্চ) আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

যেসব দেশ আকাশসীমা বন্ধ করেছে তাদের মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এসব দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধের কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দিনে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি,১২ মার্চ ২৮টি, এবং সর্বশেষ ১৩ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফলে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ২টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

বিমান চলাচল সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বিমান চলাচল, পর্যটন এবং প্রবাসী শ্রমিকদের যাতায়াতের ওপর আরও বড় প্রভাব পড়তে পারে।


ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১০:১৪:২১
ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে ঈদ শেষে ফেরার ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, প্রথম দিনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এর ফলে ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে কয়েকদিন ধরে এই অগ্রিম টিকিট বিক্রি চলবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

যাত্রীদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং টিকিট সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না এবং ঘরে বসেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় যাত্রীচাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। তাই নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার জন্য যাত্রীদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

-রাফসান

পাঠকের মতামত: