এভারকেয়ারে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১৫:২৫:৫১
এভারকেয়ারে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সিঙ্গাপুরে চিকিৎসার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সেখানে তাকে ভর্তি করা হবে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করে মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

-রফিক


ঈদের টিকিটে প্রতারণা এড়াতে জরুরি নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১১:৫০:৫৭
ঈদের টিকিটে প্রতারণা এড়াতে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলে দেশের বড় শহরগুলোতে বসবাসকারী মানুষদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়। রাজধানী ঢাকা কিংবা অন্যান্য মহানগরে কর্মসূত্রে বা শিক্ষার কারণে থাকা লাখো মানুষ পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ির পথে রওনা দেন।

তবে এই আনন্দঘন যাত্রার শুরুতেই অনেক সময় টিকিট সংগ্রহ নিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় যাত্রীদের। প্রতি বছরই দেখা যায়, চাহিদা বেড়ে যাওয়ায় ট্রেন ও বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে এবং এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অসাধু দালাল চক্র।

অনেক যাত্রী অনলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন না। আবার বাস কাউন্টারের আশপাশে দালালদের দৌরাত্ম্যও বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছ থেকে টিকিট কিনে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও প্রায়ই ঘটে।

বিশেষজ্ঞদের মতে, ঈদ উপলক্ষে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। তাই টিকিট কেনার সময় সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ঢ়ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে সরকারি নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম অথবা অনুমোদিত বিক্রয় কাউন্টার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। অপরিচিত ব্যক্তির মাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে।

অনেক সময় একই টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা বা ভুয়া টিকিট সরবরাহ করার মতো প্রতারণার ঘটনা ঘটতে পারে।

টিকিট না পেয়ে অনেকেই অতিরিক্ত মূল্যে ব্ল্যাক মার্কেট থেকে টিকিট কিনে থাকেন। তবে এতে প্রতারণার সম্ভাবনা যেমন থাকে, তেমনি এটি আইনগতভাবেও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ব্ল্যাক মার্কেটের মাধ্যমে টিকিট কেনাবেচা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঈদের সময় বাস টার্মিনাল ও কাউন্টার এলাকাগুলোতে দালালদের সক্রিয়তা বেড়ে যায়। দ্রুত টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা অনেক সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে সরাসরি নির্ধারিত কাউন্টারের বিক্রয়কর্মীর কাছ থেকেই টিকিট সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

টিকিট সংগ্রহের পর যাত্রার তারিখ, সময়, আসন নম্বর এবং যানবাহনের তথ্য ঠিক আছে কি না তা ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি।

অনলাইনে টিকিট কিনলে এসএমএস বা ই-মেইলে পাঠানো তথ্যের সঙ্গে টিকিটের তথ্য মিলিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অনুমোদিত পরিবহন কোম্পানিগুলো নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেয়। কোনো কাউন্টার যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আগেভাগে পরিকল্পনা করে টিকিট সংগ্রহ করলে অনেক ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব। একই সঙ্গে অপরিচিত উৎস থেকে টিকিট না কিনে নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করলে প্রতারণা থেকেও নিরাপদ থাকা যায়।

-রাফসান


এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১১:৪৫:৪২
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হবে।

বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, রোগী পরিবহনের জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এরপর প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি নেতাদের মতে, বিদেশে বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাওয়ার মাধ্যমে তার সুস্থতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

-রফিক


মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১০:৫২:৫৫
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবার (১৩ মার্চ) আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

যেসব দেশ আকাশসীমা বন্ধ করেছে তাদের মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এসব দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধের কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দিনে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি,১২ মার্চ ২৮টি, এবং সর্বশেষ ১৩ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফলে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ২টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

বিমান চলাচল সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বিমান চলাচল, পর্যটন এবং প্রবাসী শ্রমিকদের যাতায়াতের ওপর আরও বড় প্রভাব পড়তে পারে।


ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১৩ ১০:১৪:২১
ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে ঈদ শেষে ফেরার ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, প্রথম দিনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এর ফলে ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে কয়েকদিন ধরে এই অগ্রিম টিকিট বিক্রি চলবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

যাত্রীদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং টিকিট সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না এবং ঘরে বসেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় যাত্রীচাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। তাই নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার জন্য যাত্রীদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

-রাফসান


বাস, ট্রেন, লঞ্চ যাত্রীদের জন্য পুলিশের নির্দেশনা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১২ ২০:৩৯:২২
বাস, ট্রেন, লঞ্চ যাত্রীদের জন্য পুলিশের নির্দেশনা
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের ব্যাপক যাতায়াত শুরু হবে। এই সময় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্ট সবার সচেতনতা জরুরি।

যাত্রীদের জন্য পরামর্শ

পুলিশ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, ঈদ উপলক্ষে ভ্রমণের আগে যথেষ্ট সময় নিয়ে পরিকল্পনা করতে এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে।

চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়া এবং ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদ, ট্রাক, পিকআপ বা পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। যেখানে এসব ব্যবস্থা নেই, সেখানে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে রাস্তা পার হতে হবে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার জন্যও সতর্ক করেছে পুলিশ।

বাস চালকদের জন্য নির্দেশনা

বাস চালকদের উদ্দেশে বলা হয়েছে, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্তি, অসুস্থতা বা মানসিক চাপের অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে।

চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্যও সতর্ক করা হয়েছে।

মহাসড়ক বা আঞ্চলিক সড়কে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নৌযান যাত্রীদের জন্য সতর্কতা

লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে ওঠা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নৌযানের ছাদে ভ্রমণ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে যাত্রা না করা এবং স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরিধান করার ওপর জোর দিয়েছে পুলিশ।

যাত্রাপথে ঝড় দেখা দিলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে নিজের অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নৌযান মালিক ও চালকদের জন্য নির্দেশনা

নৌযান পরিচালনায় দক্ষ ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান নিয়ে যাত্রা শুরু করা এবং ঝড়ের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে নৌযান সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখার মাধ্যমে নিয়মিত আবহাওয়ার বুলেটিন শোনার কথাও বলা হয়েছে।

ট্রেন যাত্রীদের জন্য সতর্কতা

রেলপথে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে উঠে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছে।

ভ্রমণের সময় পাথর নিক্ষেপের মতো ঘটনার বিষয়ে সতর্ক থাকার এবং নিজের মালামাল নিজ দায়িত্বে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ

পুলিশ জানিয়েছে, কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে:

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯

হাইওয়ে পুলিশ: ০১৩২০১৮২৫৯৮

রেলওয়ে পুলিশ: ০১৩২০১৭৭৫৯৮

নৌপুলিশ: ০১৩২০১৬৯৫৯৮

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব): ০১৭৭৭৭২০০২৯

এছাড়া সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা স্থানীয় থানার ওসির সঙ্গেও যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ ও আনন্দময় ঈদযাত্রা নিশ্চিত করতে।

-রফিক


বিচার বিভাগ এখন স্বাধীন, আইন চলবে নিজস্ব গতিতে: নুরুল হক নূর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১২ ১৯:৪৭:০৭
বিচার বিভাগ এখন স্বাধীন, আইন চলবে নিজস্ব গতিতে: নুরুল হক নূর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন যে, অতীতে আদালতের রায় গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ ছিল, তবে বর্তমানে সেই যুগের অবসান ঘটেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, নতুন বাংলাদেশে আইন এখন থেকে সম্পূর্ণ নিজস্ব গতিতে চলবে এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

প্রতিমন্ত্রী নূর তাঁর বক্তব্যে এদিনকে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেন এবং বলেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তাতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বিগত ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, অতীতে দেশের বিভিন্ন আইনজীবী সমিতিগুলোতে নির্বাচনের নামে জোর-জবরদস্তি ও দখলের রাজনীতি চলেছে এবং বিচার বিভাগকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি আইনজীবীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আইনসভাকে শক্তিশালী এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে নুরুল হক নূর বলেন, আইনজীবীদের রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। তিনি ঘোষণা করেন যে, আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ আইনজীবীদের সংসদে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে। এছাড়া সারা বাংলাদেশের আইনজীবীদের সুসংগঠিত করতে বিভিন্ন বারের নির্বাচনে এই পরিষদ অংশ নেবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান এবং এতে আইনজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

/আশিক


যুদ্ধের শঙ্কা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ফিরছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১২ ১৭:১২:২৩
যুদ্ধের শঙ্কা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ফিরছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ অঞ্চলটি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। তবে জীবিকার তাগিদে বাংলাদেশের বহু প্রবাসী শ্রমিকের সামনে ভিন্ন বাস্তবতা দাঁড়িয়ে আছে। যুদ্ধের ঝুঁকি থাকলেও উপার্জনের প্রয়োজনেই তাদের অনেকেই আবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এমনই আবেগঘন দৃশ্য দেখা গেছে। বিদেশগামী শ্রমিকরা পরিবারের সদস্যদের সঙ্গে শেষ মুহূর্তের আলিঙ্গন ও কান্নাভেজা বিদায়ের মধ্য দিয়ে আবার কর্মস্থলের উদ্দেশে বিমানে উঠছেন।

২৮ বছর বয়সী মোহাম্মদ সাকিব তাদেরই একজন। তিনি সৌদি আরবে যাওয়ার ফ্লাইটে উঠছিলেন। নতুন বিয়ে করার পর পরিবারের সঙ্গে কিছুদিন কাটানোর জন্য দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলেও কাজের প্রয়োজনে তাকে আবার ফিরে যেতে হচ্ছে।

বিদায়ের আগে তিনি বলেন, “ভয় পাওয়াটা স্বাভাবিক। আবার ফিরে যেতে হচ্ছে বলে মন খারাপ লাগছে। কী ঘটতে পারে কেউ জানে না।”

সাকিব গত চার বছর ধরে সৌদি আরবে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। বিমানবন্দরে বিদায়ের সময় তার ছোট ভাই মোনিরুল ইসলাম তাকে জড়িয়ে ধরে আবেগঘন বিদায় জানান।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত, যাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। এর মধ্যে সৌদি আরবেই প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিক কর্মরত।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও অনেক শ্রমিক এখনো স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে অঞ্চলজুড়ে চলমান সামরিক উত্তেজনার ছায়া তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি করছে।

ভ্রমণ সংস্থা রহমান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস–এর মালিক সৈয়দ আরিফুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সংকটের কারণে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট বাতিল হয়েছিল। ফলে বহু শ্রমিক কয়েকদিন ধরে দেশে আটকে ছিলেন।

তার ভাষায়, “চার শতাধিক ফ্লাইট বাতিল হয়েছিল এবং প্রতিটি ফ্লাইটে গড়ে তিনশ বা তার বেশি যাত্রী ধারণক্ষমতা ছিল। এখন ধীরে ধীরে কিছু ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী শ্রমিকরা আবার বিদেশে যাওয়া শুরু করেছেন।”

তিনি আরও জানান, এখনো হাজার হাজার শ্রমিক গালফ অঞ্চলে ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হলে তাদের অনেকেই দ্রুত কর্মস্থলে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা


কোনো ফ্যাসিস্টের দোসর যেন সংসদ কলুষিত না করে: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১২ ১৬:২০:৫৬
কোনো ফ্যাসিস্টের দোসর যেন সংসদ কলুষিত না করে: নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক তেজস্বী ও আবেগঘন বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে ইঙ্গিত করে স্পিকারের কাছে দাবি জানিয়েছেন যেন কোনোভাবেই সংসদ কলুষিত না হয়।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিল নিয়ে আমরা এই সংসদকে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম। আজ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আপনার (স্পিকার) প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।” তিনি জুলাই গণহত্যার বিচারসহ বিগত সময়ের গুম-খুন, লুটপাট এবং শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পিলখানা, শাপলা চত্বর, আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত ফেলানীর প্রতি শ্রদ্ধা জানান। জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন এবং শিশু রিয়া গোপসহ নিহত সকল ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের শপথ এবং একটি বৈষম্যহীন, আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন।

একই অধিবেশনে স্পিকার যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান, তখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান (ওয়াকআউট করেন)।

/আশিক


রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বিরোধী দল: প্রথম অধিবেশনেই সংসদের উত্তপ্ত চিত্র

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মার্চ ১২ ১৬:০৬:২২
রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বিরোধী দল: প্রথম অধিবেশনেই সংসদের উত্তপ্ত চিত্র
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ কক্ষ। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে অধিবেশন শুরু হলে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতিবাদ জানায় বিরোধী জোট। রাষ্ট্রপতির ভাষণ শুরুর প্রাক্কালে ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং উচ্চস্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বারবার সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেন এবং সংসদীয় রীতি বজায় রাখার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যরা তাতে কর্ণপাত না করে বিক্ষোভ অব্যাহত রাখেন এবং একপর্যায়ে কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।

উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন এই বিরোধী জোট বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক বৈধতা এবং তাঁর পদে থাকা নিয়ে আগে থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছিল। দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির ভাষণ তারা সংসদে গ্রহণ করবে না। আজকের এই ওয়াকআউটের মাধ্যমে সেই আপত্তিরই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল।

/আশিক

পাঠকের মতামত: