ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরে তারেক রহমান, ছাড়ালেন ডোনাল্ড ট্রাম্পকেও 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৮ ১০:২৪:১০
ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরে তারেক রহমান, ছাড়ালেন ডোনাল্ড ট্রাম্পকেও 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার আন্তর্জাতিক ডিজিটাল পরিসরে নতুন এক স্বীকৃতি অর্জন করেছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সোশ্যাল ব্লেডের ‘টপ হান্ড্রেড ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকা অনুযায়ী, তারেক রহমানের অবস্থান ৬৪ নম্বরে। এই তালিকা তৈরি করা হয়েছে ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে কতটা কনটেন্ট তৈরি ও পোস্ট করা হচ্ছে সে তথ্য বিশ্লেষণের ভিত্তিতে।

তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যার বিচারে তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর চেয়েও এগিয়ে। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মাত্রা ও কনটেন্ট উৎপাদনের ক্ষেত্রে তিনি অনেক আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বকে ছাড়িয়ে গেছেন।

সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে শুধু নিজে পোস্ট দেওয়া ব্যক্তিকে বোঝানো হয় না; বরং যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়তাদেরই এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। সেই হিসাবে, তারেক রহমান বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

-BNP Media Cell


এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৮ ১২:৪৩:৫৫
এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব
ছবি : সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার জোরালো গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টক শোতে অংশ নিয়ে তিনি এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, এনসিপিতে যোগ দেওয়ার খবরের সাথে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেক রাজনৈতিক দল তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছে, যার মধ্যে এনসিপিও ছিল।

দলটির পক্ষ থেকে তাঁকে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হলেও তিনি তা হেসে উড়িয়ে দিয়েছেন। রুমিন বলেন, “ওরা বারবারই বলেছে আপা আমাদের সাথে চলে আসেন, একসাথে কাজ করি। কিন্তু আমি তাদের এই প্রস্তাবে স্রেফ হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি।”

সংসদে কথা বলার বাড়তি সুযোগের জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র সুযোগ পাওয়ার জন্য তিনি নিজের রাজনৈতিক আদর্শ বা চিন্তাভাবনা বিসর্জন দেবেন না।

তিনি মনে করেন, কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে এবং কেবল সংসদে কয়েক মিনিট বেশি বলার জন্য কোনো জোটে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে এনসিপিতে যোগ দেওয়ার জল্পনা আপাতত সমাপ্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/আশিক


জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৩ ১৯:৫৪:০৭
জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বর্তমান সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেন।

তিনি স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলনের অস্তিত্বের কারণেই আজ দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফলেই আজ সরকার ও বিরোধীদল টিকে আছে। জুলাই না থাকলে কারোরই অস্তিত্ব থাকত না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে গিয়ে কেউ পার পাবে না।

দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন এবং গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। প্রয়োজনে আবারো রাজপথে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি।

আন্দোলন কেবল ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই লড়াই শহীদদের রক্ত ও জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর লড়াই। তিনি ঘোষণা করেন, জাতির অধিকার আদায়ের লক্ষে যতদিন প্রয়োজন হবে, ততদিন তারা সংসদে থাকবেন।

একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো ধরনের পারিবারিক শাসন বা রাজতন্ত্রের ঠাঁই হবে না।

/আশিক


বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১২ ২১:৩১:০৯
বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করছে।

শফিকুর রহমান বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং দুদকের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো—যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত—বিএনপি তা গায়ের জোরে প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এই অধ্যাদেশগুলো কি ফ্যাসিবাদ ঠেকাতে জরুরি ছিল না? জামায়াত আমির স্পষ্ট করে বলেন, বিএনপি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় ‘ক্যু’ শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস নিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে ১৯৭১ এবং ২০২৪ সবই তাদের, অথচ মুক্তিযুদ্ধের সময় দল হিসেবে তাদের জন্মই হয়নি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের রেশ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জিয়াউর রহমানকে অপদস্থ করা হয়েছিল, কিন্তু জামায়াত সেই প্রতিহিংসার রাজনীতি আর চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের বিরোধিতা করে।

গত শুক্রবার সংসদ থেকে ওয়াক আউট প্রসঙ্গে শফিকুর রহমান জানান, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগ থাকবে, ততদিন তারা সেখানে থাকবেন। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আলোচনার দিন সংসদে ‘মব’ সৃষ্টি এবং জুলাই যোদ্ধাদের নামে পাতানো দর্শক সাজানোর জন্য তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/আশিক


সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৯:৩৬:৫০
সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ফারজানা সিথী। তিনি নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য এই ফরমটি সংগ্রহ করেছেন।

ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা সিথী বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।”

উল্লেখ্য, ফারজানা সিথীর বাড়ি যশোরে হলেও তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়ে প্রথম আলোচনায় আসেন ফারজানা সিথী। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তাঁর প্রশ্ন তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হাসিনা সরকারের পতনের পর অন্য একটি ঘটনায় তর্কে জড়িয়েও তিনি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বর্তমানে তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন। শুক্রবার বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

/আশিক


তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১১ ১৭:৩১:২৩
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও সংসদীয় কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই।

সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে।’ তিনি অভিযোগ করেন যে, বর্তমানে গোটা সমাজ চলছে ‘গোঁজামিল’ আর ‘টপ-ড্রেসিংয়ের’ মাধ্যমে, যেখানে ব্যাংকিং খাতে টাকা না থাকলেও খাতায় লাভ দেখানো হচ্ছে।

সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত সংসদ থেকে জাতির জন্য ভালো কিছু ‘ডেলিভারি’ দেওয়া সম্ভব হয়নি। তিনি জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করার আহ্বান জানান এবং মেধাভিত্তিক সমাজ (মেরিটোক্রেসি) গড়ে তোলার ওপর জোর দেন।

এ সময় তিনি কৃষিবিদ ইনস্টিটিউটের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব দখলের চেষ্টার কঠোর সমালোচনা করে এই ‘ব্যাড কালচার’-এর অবসান দাবি করেন। তিনি সতর্ক করেন যে, কৃষির বিপর্যয় ঘটলে কোনো বিদেশি ঋণ জাতিকে রক্ষা করতে পারবে না।

জ্বালানি সংকটকে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করে জামায়াত আমির বলেন, একদিকে সরকার জ্বালানি মজুতের কথা বলছে, অন্যদিকে বাস্তবে পাম্পগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলছে। তিনি সংকট মোকাবিলায় সরকারকে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি বাফার স্টক গড়ে তোলা এবং সিন্ডিকেট ভেঙে সোলার এনার্জির মতো বিকল্প বিদ্যুৎ উৎপাদনে নজর দেওয়ার পরামর্শ দেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ডিকেট আর ফ্যাসিজমের পথে হাঁটা হলে তারা রাজপথে শক্ত বাধা হয়ে দাঁড়াবেন। সেমিনারে মূল প্রবন্ধে জানানো হয়, দেশের জ্বালানির ১৮ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয় এবং বর্তমান সংকটে বোরো চাষে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

/আশিক


চলতি অধিবেশনে চতুর্থবার ওয়াকআউট: বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব তুঙ্গে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১০ ২০:২৫:৫৯
চলতি অধিবেশনে চতুর্থবার ওয়াকআউট: বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব তুঙ্গে
ছবি : সংগৃহীত

সংসদে আজ আবারও নাটকীয় মোড় নিল রাজনৈতিক পরিস্থিতি। প্রবল আপত্তি আর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে স্পষ্ট ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, বিলটি পাসের সময় তার ব্যত্যয় ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ওয়াকআউটের আগে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধেও নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

উল্লেখ্য, চলতি অধিবেশনে এ নিয়ে চতুর্থবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটলো। গতকালও একটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেছিল বিরোধী দল। আজকের এই ঘটনার পর সরকারি ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/আশিক


গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৯ ১৮:৫৪:০০
গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হওয়া একাধিক বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বিরোধী দল হঠাৎ করে ওয়াকআউট করেছে, যা সংসদ অধিবেশনে নতুন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। দিনের শেষ ভাগে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাজনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল প্রায় ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন এবং তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলের আপত্তি ও যুক্তিসঙ্গত প্রতিবন্ধকতা উপেক্ষা করেই কয়েকটি বিল পাস করা হয়েছে। এসব বিলকে জনগণের স্বার্থবিরোধী উল্লেখ করে তিনি জানান, এই সিদ্ধান্তের দায় তারা নিতে চান না, তাই সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দল কক্ষ ত্যাগের সময় তিনি জানতে চান, তারা সাময়িকভাবে বের হচ্ছেন নাকি পুরো অধিবেশন বর্জন করছেন। তবে লাইভ সম্প্রচারে দেখা যায়, বিরোধী সদস্যরা আর ফিরে আসেননি এবং ওয়াকআউট কার্যকর রাখেন।

এদিকে সরকারের পক্ষ থেকে ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই সংসদের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং বিভিন্ন ধাপে সহযোগিতা করেছে। এমন অবস্থায় শেষ মুহূর্তে অধিবেশন বর্জনের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক মনে করেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, বিরোধী দল মাগরিবের পর পুনরায় অধিবেশনে যোগ দিতে পারে। তবে বাস্তবে তারা আর ফিরে না আসায় রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে।

-রফিক


বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত আবদুল্লাহর তোপ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৮ ১৭:১৪:১২
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত আবদুল্লাহর তোপ
ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তীব্র ভাষায় আক্রমণ করেছেন। বিসিবির বর্তমান অবস্থাকে তিনি “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” হিসেবে অভিহিত করে ক্রিকেট প্রশাসনে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ইঙ্গিত দিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ওই সময় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের আবেদন করলে হাসনাত আবদুল্লাহ ফ্লোর নিয়ে এর বিরোধিতা করেন এবং বিসিবির প্রসঙ্গটি টেনে আনেন।

হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” বলার মাধ্যমে তিনি মূলত বোর্ডের অভ্যন্তরে থাকা স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব এবং স্বচ্ছতার অভাবকে তুলে ধরেছেন।

দেশের ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং দলীয় ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে থাকলেও, সংসদের ভেতরে একজন প্রভাবশালী নেতার এমন সরাসরি আক্রমণ বিষয়টিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ক্রিকেট বোর্ডের সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি আরও জোরালো হচ্ছে।

/আশিক


সংস্কার থেকে সরে এলে আবারও চব্বিশ হবে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১৯:২৫:০৭
সংস্কার থেকে সরে এলে আবারও চব্বিশ হবে: হাসনাত আব্দুল্লাহ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের মূল দাবি থেকে বর্তমান সরকার সরে এলে দেশে আবারও গণ-অভ্যুত্থান হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, সময়ের পরিবর্তন ও ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই সরকারের মানসিকতা বদলে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেন, সরকারকে কাঠামোগত পরিবর্তনের জায়গায় একনিষ্ঠ হতে হবে; অন্যথায় ২০২৪ সালের মতো আরেকটি অভ্যুত্থান ঘটা অনিবার্য।

হাসনাত আব্দুল্লাহর মতে, যারা ২০২৪ সালে রাজপথে নেমেছিল, তারা কাউকে সংসদ সদস্য বা উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করেনি। বরং তারা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই জীবন বাজি রেখেছিল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি পুরোনো শাসন ব্যবস্থা এবং সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয়, তবে যেকোনো ব্যক্তিই ভবিষ্যতে ‘হাসিনা’ হয়ে উঠতে পারেন। তাঁর ভাষায়, হাসিনা কেবল একজন ব্যক্তি নন, বরং এটি অনেকগুলো ফ্যাসিবাদী চিন্তাধারার একটি সমষ্টি। তাই ব্যক্তি পরিবর্তন নয়, বরং কাঠামোগত সংস্কারই ছিল গণ-অভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য।

আলোচনা সভায় সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার তীব্র সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তি যারা অতীতে নিজেরাই ভুক্তভোগী ছিলেন, এখন তারাই সংস্কারের বিরোধিতা করছেন, যা অত্যন্ত অসম্মানজনক। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতার আসনে বসে কেন তারা আগের অবস্থান থেকে সরে যাচ্ছেন? মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আটকে রাখার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের পর সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বা তারা কোনো লাভবান হয়নি। উল্টো রাজনৈতিক অঙ্গনের অনেকেই কেবল সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্র যেন জনগণের প্রত্যাশা পূরণ করে এবং সাধারণ মানুষ যেন আর আশাহত না হয়। অন্যথায় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আরেকটি বড় ধরনের গণজাগরণের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

/আশিক

পাঠকের মতামত: